অ্যানড্রয়েড ডিভাইসে পছন্দের লিনাক্স ডিস্ট্রো চালাবেন যেভাবে

একই লিনাক্স কার্নেল হতে জন্ম হওয়ায় অ্যানড্রয়েডের সঙ্গে অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনসমূহের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এই কারণে, অ্যানড্রয়েড ডিভাইসসমূহে সামান্য চেষ্টা করলেই উবুন্টু, ডেবিয়ান, ব্যাকট্র্যাক ইত্যাদি ডিস্ট্রো চালানোর সম্ভব। আপনার মোটামুটি হাই পারফরমেন্স ডিভাইসের টাচের সাহায্যেই ফায়ারফক্স, লিব্রেঅফিসের মত প্রায় সকল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তো আর দেরি কেন? দেখে নিই কি করে আমাদের ডিভাইসকে সুপারচার্জ করবো!

সিস্টেম রিকোয়্যারমেন্ট
- কমপক্ষে 1GHz প্রসেসর
- রুট করা ডিভাইস
- কমপক্ষে ২.৫ গিগাবাইট স্টোরেজ স্পেস
- ৫১২ মেগাবাইট র্যাম
- ভয়ানক ধৈর্য!

জেনে রাখার মত কিছু বিষয়
- আপনি আপনার পছন্দের ডিস্ট্রিবিউশনের প্রায় যেকোন সফটওয়্যার চালাতে পারবেন। তার মানে লিব্রেঅফিস, ফায়ারফক্স ইত্যাদি।
- আপনার হ্যান্ডসেটে অ্যানড্রয়েডই থাকবে, তবে পাশাপাশি অন্য ওএস চালাতে পারবেন।
- অপারেটিং সিস্টেমটি এসডি কার্ডে অবস্থান করবে, আপনি সেখান থেকে চালু করতে পারবেন।
পূর্বপ্রস্তুতি
চালানোর ইচ্ছে হলো তো? এবার দেখে নিন আপনার ডিভাইসে এটি আদৌ কাজ করবে কিনা। এখানে কার্যকর ডিভাইসগুলোর একটি তালিকা আছে। তালিকায় নাম থাকলে বুঝতে হবে যে ব্যর্থ হবার সম্ভাবনা কম, আর নাম না থাকার মানে এই নয় যে ব্যর্থতা বাধ্যতামূলক। এমনও হতে পারে আপনার ডিভাইসে টেস্টই করা হয়নি! চেষ্টা করতে ভয় কি?
যাক, তাহলে লিস্টে আপনার ডিভাইসের নাম আছে কিংবা আপনি পরীক্ষা করার মত সাহস অর্জন করেছেন, অভিনন্দন! সহজবোধ্যতার স্বার্থে আমি "Complete Linux Installer" নামের একটি অ্যাপের সাহায্যে প্রক্রিয়াটি বর্ণনা করবো। এই অ্যাপটির সাহায্যে আপনি যেসকল ডিস্ট্রো ইন্সটল করতে পারবেন:
- উবুন্টু ১০.০৪
- উবুন্টু ১২.০৪
- ব্যাকট্র্যাক ৫
- ডেবিয়ান ৬
প্রক্রিয়া
প্রথমে Complete Linux Installer ইন্সটল করে নিন। মনে রাখবেন, রুটেড ডিভাইস ছাড়া এ কাজ করা সম্ভব নয়, ব্যাটারি ফুল চার্জ করে নিবেন এবং প্রায় দেড় গিগাবাইটের মত ফাইল ডাউনলোড করতে হতে পারে। আপনি প্রত্যেকটি অপারেটিং সিস্টেমের কমান্ডলাইন কিংবা গ্রাফিক্যাল ভার্সন ইন্সটল করে নিতে পারবেন। অ্যাপটি চালু করলেই আপনাকে প্রয়োজনীয় সকল ইন্সট্রাকশন দেখানো হবে, যা অনুসরণ করলে আপনিও একটি শক্তিশালী লিনাক্স ডেস্কটপ পকেটে নিয়ে ঘুরতে পারবেন! হ্যাপি লিনাক্সিং!











