'ব্যাক টু স্কুল' গাইড ২০১২: আলট্রাবুক

(প্রিয় টেক) কম্পিউটার আর ইন্টারনেট ছাড়া শিক্ষার্থীদের দিন আজকাল একদম চলে না। প্রযুক্তির এই দুইটি পণ্য ব্যতীত জীবনের দৌড়ে পিছিয়ে পড়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আর তাই বিদ্যালয়-মহাবিদ্যালয়ে পড়ুয়া সন্তানের হাতে এই সুবিধাগুলি তুলে দিতে দ্বিধা করেন না পিতামাতারাও। কিন্তু প্রশ্ন সেই একটাই, বাজারের হরেক রকমের পিসি থেকে কোনটি পছন্দ করবো? সম্প্রতি এনগ্যাজেট তাদের 'ব্যাক টু স্কুল' শিরোনামের আওতায় কিছু ল্যাপটপের তালিকা দিয়েছে, প্রিয় টেকের পাঠকদের জন্য সেই তালিকাটি এখানে দেয়া হল। এনগ্যাজেটের এই তালিকাটি অবশ্য ল্যাপটপের আলট্রাবুক গোত্রের।

সস্তা শ্রেণীর:
১. অ্যাসার অ্যাস্পায়ার টাইমলাইন আলট্রা এম ফাইভ:

বর্তমানে আলট্রাবুক দিয়ে বাজার ভরে গেলেও মোটামুটি ধরণের গেম চালাতে পারবে এমন আলট্রাবুকের অভাব বর্তমান। আর এই বৈশিষ্ট্যের কারণে এনগ্যাজেটের পছন্দ এম ফাইভ নোটবুকটি। ১৪ অথবা ১৫ ইঞ্চি পর্দা বিশিষ্ট এম ফাইভে রয়েছে এনভিডিয়ার কেপলার সংস্করণের জিপিইউ যোগ করার সুবিধা। ০.৮১" ধাতুর ফ্রেম এবং চিকন বেজেল, নির্মাণ মান ভালো। দ্বিতীয় প্রজন্মের প্রসেসর সহ এই আলট্রাবুকটির মূল্য $৬৮০ মার্কিন ডলার। আইভি ব্রিজ এবং বিল্ট-ইন গ্রাফিক্স কার্ড সহ নিতে চাইলে আপনাকে $১০০ ডলার বেশি প্রদান করতে হবে।
স্পেকস: ১৩৬৬X৭৬৮, ০.৮১" স্থূল, ৫০০ গিগাবাইট হাইব্রিড হার্ড ড্রাইভ, এনভিডিয়া ৬৪০ এম এলই গ্রাফিক্স।
মূল্য: $৬৬৩ মার্কিন ডলার।
বিকল্প:
২. লেনোভো আইডিয়া প্যাড ইউ ৩১০:

ল্যাপটপের জন্য কিবোর্ড আর টাচপ্যাড এর মান ভালো হওয়া অত্যন্ত জরুরী। আর এদিক থেকে সবচেয়ে সেরা কিবোর্ড এবং টাচপ্যাড রয়েছে ইউ ৩১০। কিন্তু মূল্য কম রাখার প্রচেষ্টার কারণে স্বল্প স্থায়ী ব্যাটারি আর মধ্যম মানের পারফরমেন্স লক্ষ্য করা গিয়েছে এই আলট্রাবুকটিতে।
মূল্য: $৭৫০ মার্কিন ডলার।
৩. সনি ভায়ো টি ১৩:

অ্যাপলের মত নিজ ব্র্যান্ডের পণ্য অন্যদের চাইতে অধিক মূল্যে বিক্রয় করার প্রবণতা রয়েছে সনির মাঝেও। তা স্বত্বেও প্রতিষ্ঠানটির তৈরি টি ১৩ আলট্রাবুকটির ভিত্তি মূল্য হিসেবে $৭৭০ মার্কিন ডলার খুব একটা বেশি তা বলা যাবে না। এনগ্যাজেট আলট্রাবুকটির ডিজাইন এবং পারফরমেন্স অত্যন্ত ভালো বলেই উল্লেখ করলেও কিবোর্ডটিকে মোটামুটি মানের বলেই উল্লেখ করেছে।
মূল্য: $৭৬০ মার্কিন ডলার।
মধ্যম শ্রেণীর:
১. অ্যাপল ম্যাকবুক এয়ার:

সম্প্রতি নতুন প্রজন্মের এয়ার বের করলেও জনপ্রিয় আলট্রাবুকটির ডিজাইনে কোন ধরণের পরিবর্তন আনেনি অ্যাপল। মূল পরিবর্তন শুধু চিপসেটে। ১১ এবং ১৩ ইঞ্চি মডেলটির শক্তি দেবার কাজে বর্তমানে নিয়োজিত রয়েছে ইন্টেলের তৃতীয় প্রজন্মের আইভি ব্রিজ প্রসেসর এবং ম্যাগসেফ ২ পাওয়ার কানেক্টর। নতুন চিপসেট এয়ারকে করে তুলেছে আরো শক্তিশালী এবং ব্যাটারি সাশ্রয়ী। এনগ্যাজেট এয়ার এখনো তাদের প্রিয় বলে অভিহিত করলেও প্রতিদ্বন্দ্বীরা আরো ভালো পর্দা এবং পোর্ট সুবিধা যুক্ত আলট্রাবুক বের করছে বলে উল্লেখ করেছে।
স্পেকস: ১৩৬৬X৭৬৮/১৪৪০X৯০০ (১১"/১৩"), ০.৬৮" স্থূল, ৬৪~২৫৬ গিগাবাইট এসএসডি।
মূল্য: শুরু হয়েছে $৯৫০ মার্কিন ডলার থেকে।
বিকল্প:
২. এইচপি এনভি স্পেকট্রা এক্সটি:

এইচপি'র অত্যন্ত উচ্চ শ্রেণির আলট্রাবুকগুলোর একটি হচ্ছে স্পেকট্রা। ০.৫৭" স্থূল এই আলট্রা সাথে বান্ডল হিসেবে পাবেন অ্যাডব ফটোশপ এবং প্রিমিয়ার এলিমেন্টস ১০। ল্যাপটপটিতে এইচপি দিয়েছে দুই বছরের ওয়ারেন্টি। এছাড়া পাচ্ছেন আইভি ব্রিজ প্রসেসর এবং সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট এসএসডি স্টোরেজ।
মূল্য: $১ হাজার মার্কিন ডলার।
৩. ডেল এক্সপিএস ১৪:

১৬০০X৯০০ ডিসপ্লে, এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, ভালো মানের ট্র্যাকপ্যাড যেমন এই ল্যাপটপটির ইতিবাচক বৈশিষ্ট্য ঠিক তেমনি ওজন বেশি এবং স্বল্পগতির হার্ডড্রাইভ নেতিবাচক কিছু বৈশিষ্ট্য।
মূল্য: $১১০০মার্কিন ডলার।
অর্থ যাদের জন্য কোন ব্যাপার নয়:
১. স্যামসাং সিরিজ ৯:

এনগ্যাজেটের সবচেয়ে প্রিয় আলট্রাবুক। পাবেন ১৩ এবং ১৫"। অন্যান্য আলট্রাবুক অপেক্ষা পাতলা। অ্যাপলের মত অত্যন্ত সুন্দর অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন, অত্যন্ত দীর্ঘস্থায়ী ব্যাটারি, অত্যন্ত ভালো পারফরমেন্স, ১৬০০X৯০০ গ্লেয়ার ফ্রি ডিসপ্লে। তবে কিবোর্ড আর ট্র্যাকপ্যাডটি আরো ভালো হতে পারতো।
স্পেকস: ১৬০০X৯০০, ০.৫/০.৫৮" স্থূল, সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট এসএসডি, ২.৫৫ পাউন্ড ওজন।
মূল্য: শুরু হয়েছে $১৩০০মার্কিন ডলার থেকে।
বিকল্প:
২. এইচপি এনভি ১৪ স্পেকট্রা:

ওজনে একটু বেশি হলেও স্পেকট্রা মেটাল এবং কাঁচের তৈরি চেসিসটি সবচেয়ে আকর্ষণীয়। উচ্চ রেজ্যুলুশনের আইপিএস পর্দা, আরামদায়ক কিবোর্ড, দুই বছরের ওয়ারেন্টি এবং অ্যাডব ফটোশপ এবং প্রিমিয়ার এলিমেন্টস ১০ এর লাইসেন্সড কপি।
মূল্য: শুরু হয়েছে $১৪০০মার্কিন ডলার থেকে।
৩. অ্যাসাস জেনবুক প্রাইম ইউএক্স৩২ ভিডি:

১০৮০পি আইপিএস পর্দা, নির্মাণ মান ভালো, আগের চাইতে উন্নত মানের কিবোর্ড এবং এনভিডিয়ার ৬২০এম জিপিইউ এই আলট্রাবুকটিকে আকর্ষণীয় করে তুলেছে।
মূল্য: শুরু হয়েছে $১৩০০মার্কিন ডলার থেকে।








