গেমারদের জন্য সুখবরঃ স্যামসাং সিরিজ সেভেন গেমার

(প্রিয় টেক) কম্পিউটার গেমারদের জন্য একটি পাওয়ার ফুল ল্যাপটপের মালিক হওয়া অনেক আনন্দের ব্যাপার। পারফরমেন্স এবং পোর্টেবলিটি এই দুয়ের সমন্বয়ে একটি চমৎকার ল্যাপটপ খুঁজে পেতে চান সকল গেমার। তাদের জন্য সুখবর নিয়ে এল স্যামসাং। তারা বাজারে নিয়ে এসেছে সিরিজ সেভেন গেমার। গেমিং এর জন্য তৈরি এই ল্যাপটপটি মোটামুটি সহজে বহন করা সম্ভব বলেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। চলুন দেখে নিই এর পুরো রিভিউ।

স্যামসাং সিরিজ সেভেন গেমারের কনফিগারেশন বেশ চমকে দেবে গেমারদের। এতে আছে সর্বাধুনিক প্রযুক্তির ২.৩ গিগাহার্জ ক্ষমতা সম্পন্ন কোর-আই সেভেন প্রসেসর, ১৬৩৩ মেগাবাইট ডিডিআরথ্রি ১৬ গিগাবাইট র্যাম, ১.৫ টেরাবাইট ৭২০০ আরপিএম হার্ডডিস্ক, ২ মেগা পিক্সেল ক্যামেরা এবং ব্লু-রে অপটিকাল ড্রাইভ।

এটি কানেকটিভিটিতেও পিছিয়ে নেই। এতে আপনি পাবেন ২টি ইউ এস বি ২.০, ইউ এস বি ৩ পোর্ট, এইচডিএমআই, ভিজিএ আউট ডিসপ্লে পোর্ট, মাল্টি ফরম্যাট কার্ড রিডার, গিগাবিট ইথারনেট পোর্ট এবং ওয়্যারলেস কানেকশনের জন্য পাবেন ওয়াই-ফাই এবং ব্লুটুথ ফোর।


চমৎকার গ্রাফিক্স এর জন্য এতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির গ্রাফিক্স কার্ড (NVEDIA’S GeForce GTX 675M); যা এই গেমার মেশিনে এনে দিয়েছে অনেকটা ডেস্কটপ শক্তি। এর স্ক্রীনে আপনি পাবেন ৬০ মিলিয়ন রং এবং ৪০০ নিট ব্রাইটনেসের সমন্বয়ে এক অবিশ্বাস্য গ্রাফিক্স যা আপনাকে দেবে গেমসের এক জীবন্ত অনুভূতি।

এছাড়াও রয়েছে গেমিং ব্যালেন্স ব্যাটারি এবং ইকো মোড। এর টার্বো কুলিং টেকনোলজি আপনাকে দেবে অবিরাম গেমস খেলার সুযোগ । আপনি যখন ল্যাপটপকে গেমিং মোড এ নিয়ে আসবেন অসাধারণ গ্রাফিক্স আপনার চোখ ধাঁধিয়ে দেবে,আপনার কার্সরের আকার বদলে যাবে, কি বোর্ড উজ্জ্বল নীল রং ছড়াবে আর টার্বো লাইট ফ্ল্যাসিং শুরু করবে । সব মিলিয়ে আপনি পাবেন এক জীবন্ত অনুভূতি ।

এটি পাওয়া যাচ্ছে ১৭.৩ ইঞ্চি সাইজে । এর ওজন ৪.০৮ কেজি। অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন গেমের মেশিনগুলোর তুলনায় এই ওজন কিছুটা কম হলেও এটি বহন করা খুব সহজ নয় । এবার আসুন দাম কত এই মেগা গেমারের? এখানেই কবি নীরব। এর জন্য আপনাকে গুণতে হবে কমপক্ষে ১ লক্ষ ৫৬ হাজার টাকা (প্রায়)। তবে চমৎকার একটি গেমিং ল্যাপটপের জন্য ক্রেজি গেমারদের কাছে দামটি খুব বেশী মনে হবে না বোধহয়!
স্যামসাং সিরিজ সেভেন গেমার কনফিগারেশন
| মূল্য | ১ লক্ষ ৫৬ হাজার টাকা (প্রায়) |
| প্রসেসর | ২.৩ গিগাহার্জ ইন্টেল কোর-আই সেভেন প্রসেসর-(3610QM) |
| মেমোরি | ১৬৩৩ মেগাবাইট ডিডিআরথ্রি ১৬ গিগাবাইট র্যাম |
| হার্ড ড্রাইভ | ১.৫ টেরাবাইট ৭২০০ আরপিএম (২ x ৭৫০ গিগাবাইট) |
| চিপসেট | ইন্টেল এইচএম৭৭ |
| গ্রাফিক্স | এনভিডিয়া জিফোর্স জিটিএক্স 675M |
| অপারেটিং সিস্টেম | উইন্ডোজ সেভেন হোম প্রিমিয়াম(৬৪ বিট) |
| ডাইমেশন | ১৬.১ বাই ১১.২ ইঞ্চি |
| উচ্চতা | ১.৩ - ২ ইঞ্চি |
| স্ক্রিন | ১৭.৩ ইঞ্চি |
| ওজন / (অ্যাডাপ্টর সহ) | ৯ পাউন্ড / ১১.১ পাউন্ড |
| ক্যাটাগরি | ডেক্সটপ রিপ্লেসমেন্ট |













