উবুন্টু ১২.০৪ এলটিএস

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রিসাইজ প্যাঙ্গোলিন নামের উবুন্টু ১২.০৪ এলটিএস সংস্করণটি বের হয়েছে ২৬ এপ্রিল। এলটিএস হবার কারণে সংস্করণটি আগামী পাঁচ বছরের জন্য উবুন্টু কর্তৃক সমর্থিত হবে। দীর্ঘমেয়াদী সংস্করণের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর একীকরণ এবং নির্ভরযোগ্যতা। এই সংস্করণে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে থাকছে হেড আপ ডিসপ্লে (হাড) ব্যবহার করার সুবিধা। এছাড়া, প্রিসাইজ প্যাঙ্গোলিনে লিনাক্সের নতুন কার্নেল, ইউনিটি ইন্টারফেস ৫.১০, ডেস্কটপ ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এবং নতুন একটি সাউন্ড থিম যুক্ত হয়েছে।

উবুন্টুর প্রতিষ্ঠাতা মার্ক শাটলওর্থ এর পরিকল্পনা, দ্বিমাত্রিক এক্স উইন্ডো সিস্টেম থেকে সরে গিয়ে ত্রিমাত্রিক ওপেন-জিএল ডিসপ্লে ব্যবস্থাপনা "ওয়েল্যান্ড" গ্রহণ করা। এক্ষেত্রে অবশ্য সামঞ্জস্য প্রক্রিয়ার মাধ্যমে এক্স অ্যাপ্লিকেশনগুলো সমর্থন করা হবে। গুজব শোনা গিয়েছিল উবুন্টু ১২.০৪ এর সাথে প্রযুক্তি পূর্বরূপ হিসেবে ওয়েল্যান্ডকে একই সাথে উন্মোচন করা হবে, কিন্তু তা আর হয় নি। তবে উবুন্টু উইকির ওয়েল্যান্ড পাতায় ভবিষ্যৎ পরিকল্পনা যারা পরীক্ষা করতে আগ্রহী তাদের জন্য পিপিএ তালিকা দেয়া হয়েছে।

লিনাক্স ৩.২ কার্নেল:

নতুন সংস্করণটিতে লিনাক্স কার্নেল ৩.২ ব্যবহার করায় উবুন্টুর ১১.১০ এর চেয়ে পরিবর্তনের মাত্রাটি একটু বেশিই। অনেক দিন ধরে আটকে থাকা পরিবর্তনগুলো চলে এসেছে নতুন এই সংস্করণের সাথে।

ইএক্সটিফোর ফাইল সিস্টেম উন্নয়নের কারণে বৃহৎ ফাইলের ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি, এবং সাম্বা বা সিআইএফএস শেয়ারের ক্ষেত্রে পরিবর্তন আনার কারণে এ ধরণের শেয়ারের গতি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। এছাড়া গ্রাফিক্স এবং ওয়াই-ফাই হার্ডওয়্যারের জন্য নতুন ও উন্নত ড্রাইভার যোগ করা হয়েছে। যা নোটবুক ব্যবহারকারীদেরকে প্রীত করবে। এছাড়া মেমরি ব্যবস্থাপনায় উন্নতি আনার ফলে হাই লোডের সময় ব্যবহারকারীর ইনপুট থেকে উন্নত সাড়া মিলবে। কার্নেল ৩.২ এর এসব পরিবর্তন প্রান্তিক ব্যবহারকারীদের কাছে প্রতীয়মান হবে বলে মনে করেন লিনাস টোরভাল্ডস

স্যান্ডি ব্রিজ সিস্টেমের ক্ষেত্রে উবুন্টু ১২.০৪ এর কার্নেলে ইন্টেলের শক্তি-সংরক্ষণ প্রযুক্তি আরসিসিক্স ডিফল্ট ভাবে সক্রিয় থাকায় নোটবুকের ব্যাটারি স্থায়িত্বকাল আগের চাইতে উন্নত হবে। বেটা ১ এ বন্ধ করা থাকলেও ওভারলেএফএস সম্পর্কে শঙ্কা থাকায় এইউএফএস'কে পুনরায় চালু করা হয়েছে। তবে উবুন্টুর উন্নয়নকারীরা ভালো কোন বিকল্প পেলেই এইউএফএস পরিবর্তন করবেন।

ইউনিটি ৫.১০:

বিস্মাস না হলেও, উবুন্টুর সমালোচিত ইউনিটি শেল ৫.১০ সংস্করণে এসে পৌছেছে। লগইন স্ক্রিনে নতুন বাটন এবং অ্যানিমেশনের মাধ্যমে নতুন চেহারা নিয়ে আসা হয়েছে। তবে লগইন করার সময় ইউনিটি ছাড়া অন্য যে কোন শেলও পছন্দ করা যাবে। উবুন্টুর উন্নয়নকারীরা এর নাম দিয়েছে ইউনিটি গ্রিটার।


নতুন ইউনিটি গ্রিটার শেল মেন্যু

ইউনিটি টুডিতে আপডেট এসেছে, ইউনিটি টুডি এবং থ্রিডি'র মধ্যেকার পার্থক্য অতি সূক্ষ্ম। ইউনিটির এই সংস্করণে প্রত্যাশানুযায়ি যুক্ত হয়েছে হেড-আপ ডিসপ্লে বা হাড। নির্দিষ্ট কিছু নির্দেশ গ্রহণকারী বৈশিষ্ট্য যা বাম পার্শ্বের অল্ট কী চাপ দেবার মাধ্যমে বন্ধ এবং চালু করা যায়। অ্যারো কী ব্যবহার করে নির্দেশনাগুলো নির্বাচন এবং রিটার্ন কী অথবা মাউসে চাপ দেবার মাধ্যমে কার্যকর করা সম্ভব হবে। তবে হাড অনেক সময় উল্টা-পালটা পরামর্শ দিয়ে থাকে।


নতুন হেড আপ ডিসপ্লে, ব্যবহারকারীর দেয়া তথ্য লক্ষ্য করে সুপারিশমূলক তালিকা প্রদান করে।

একই সাথে অনেকগুলো মনিটর ব্যবহারের ব্যবস্থাপনাটি সহজ এবং নির্ভরযোগ্য করে তোলার মাধ্যমে আরও উন্নত করা হয়েছে, এবং এক সাথে ছয়টি মনিটর রান করতে সক্ষম বলে জানা গিয়েছে। একাধিক নাকি একটি মনিটরে লঞ্চবারটি দেখা যাবে সে ব্যবস্থা এখন সিস্টেম সেটিংস/ডিসপ্লে প্যানেল অংশে দেয়া হয়েছে। এছাড়া স্টিকি এজেসের ক্ষেত্রে অন/অফ টোগল সুইচও রয়েছে।


নতুন ডিসপ্লে প্যানেল সেটিং, এখানে একক ডিসপ্লে অপশনগুলো দেখানো হয়েছে

লঞ্চারের জন্য দৃশ্যমান হবার লক্ষণ দেখানোর ব্যবস্থা যুক্ত করা হয়েছে। লঞ্চার যদি অদৃশ্য হয়ে যায় তাহলে স্ক্রিনের বাম কোনায় মাউস ধরলে একটি বর্ডারের ছায়া দেখা যায়। এই লক্ষণ দেখে বুঝে নিতে হবে যে লঞ্চারটি এখন দৃশ্যমান হবে। অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে লঞ্চারের এই চরিত্র পরিবর্তন করা যাবে।

লঞ্চারের টুলটিপস এবং কুইক লিস্টের উন্নয়ন সাধন, ড্যাশ, ওয়ার্ক স্পেস এবং বিন আইকনগুলো এখন ওয়ালপেপারের সাধারণ রংটি এখন গ্রহণ করতে পারে। ড্যাশের উপর মাউস নিয়ে গেলে আরও দৃশ্যমান ভাবে হাইলাইট করতে পারে, যেমন ধরুন লেন্স বার।


হোম ফোল্ডারের জন্য কুইকলিস্ট

লঞ্চার আইকনগুলো যাদের কাছে অনেক বড় বলে মনে হয় তাদের জন্য অ্যাপিয়ারেন্স সেটিং প্যানেলে আইকন সাইজ স্লাইডার দেয়া হয়েছে। দুঃখের বিষয় উবুন্টু টুডিতে এই বৈশিষ্ট্যটি দেয়া হয় নি।

ড্যাশের সাথে নতুন ভিডিও লেন্স যুক্ত করায় বিবিসি আইপ্লেয়ার এবং ইউটিউবের মত অনলাইন এবং ভিডিও ফোল্ডারে রাখা অফলাইন ভিডিওগুলো একত্রিত রাখে।


নতুন ভিডিও লেন্স

পূর্বে ফাইল লেন্স এর অনুসন্ধানটি শুধুমাত্র জাইতগাইস্ট নির্ভর ছিল, এখন সম্পূর্ণ বিশ্বকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

লিমস (লোকালি ইন্টিগ্রেটেড মেন্যু), ম্যাক্সিমাইজ করা নেই এমন উইন্ডোগুলোর উপর টাইটেল বার এবং ড্রপ-ডাউন টেক্সট মেন্যু যুক্ত করার এই বিশেষ বৈশিষ্ট্য এখনো তৈরি হয় নি বলে দেয়া হয় নি। এ বছরের শেষের দিকে আপডেট হিসেবে বা উবুন্টু ১২.১০ এর সাথে এই বৈশিষ্ট্যটি যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।

বর্তমানে লিব্রাঅফিস এর মত সফটওয়্যারগুলো নিজস্ব উইন্ডোতে পূর্বের মেন্যু ধরে রাখলেও ব্রাসেরোর মত কিছু অ্যাপের মেন্যু ডিসপ্লের উপরে উবুন্টুর মেন্যুরে মাঝে মিশে যায়।

সফটওয়্যার কেন্দ্রের পরিবর্তন:

একটি ঐচ্ছিক সুপারিশমূলক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সুপারিশ পেতে হলে আপনাকে উবুন্টু সফটওয়্যার সেন্টার স্টোরে সাইন ইন করতে হবে। এর প্রস্থ পরিবর্তনের সুবিধা যুক্ত করা হয়েছে। এবং অ্যাপ তালিকায় লোড করার সময় কমিয়ে নিয়ে আসা হয়েছে।


সফটওয়্যার কেন্দ্রে রয়েছে ঐচ্ছিক সুপারিশমূলক বাটন

উবুন্টুর ওয়ান ক্লায়েন্ট এখন শুধুমাত্র কিউটি নির্ভর:

নতুন কিউটি নির্ভর ওয়ান ক্লায়েন্ট তৈরি করা হয়েছে, এবং জিটিকে সংস্করণের সমর্থন তুলে নেয়া হয়েছে। নতুন ক্লায়েন্টটি অনেকটা উইন্ডোজের জন্য উবুন্টু ওয়ান ক্লায়েন্ট এর মত এবং কোডেও মিল রয়েছে।


কিউটি নির্ভর উবুন্টু ওয়ান ক্লায়েন্ট

প্রাইভেসি সেটিংস:

কিছু নির্দিষ্ট কার্যকলাপের ক্ষেত্রে সিস্টেম সেটিংস এর অপশন থেকে প্রাইভেসি সেটিংগুলো চালু করা যায়। অর্থাৎ এ সময় যে কার্যকলাপ পরিচালনা করা হবে সেগুলো ওএস এর লগ ফাইলে লিপিবদ্ধ করা হবে না। যেমন ধরুন, ইমেইল বা স্প্রেডশিটে কি করছেন অথবা নির্দিষ্ট কোন ফোল্ডারে কি করছেন সেগুলো লিপিবদ্ধ না করার সিদ্ধান্ত নিতে পারেন।


নতুন প্রাইভেসি সেটিং

এছাড়া ল্যান্ডস্কেপ নামক নতুন একটি সিস্টেম সেটিং যুক্ত হয়েছে। এটি একটি ব্যবস্থাপনা টুল। মাত্র একটি ইন্টারফেস ব্যবহার করে পুরো এন্টারপ্রাইজকে নিরীক্ষণ, সহায়তা, আপগ্রেড এবং ক্লাউড ব্যবস্থাপনা পরিচালনা করা সম্ভব। উবুন্টুর অ্যাডভান্সড সাপোর্ট সার্ভিস থেকে এই পরিসেবাটি ক্রয় করা যাবে। তবে বিনামূল্যে ট্রায়াল ব্যবহার করার সুবিধাও রয়েছে।


এন্টারপ্রাইজ তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপকদের জন্য করা ল্যান্ডস্কেপ টুক

অ্যাপ্লিকেশন আপডেট:

ফায়ারফক্স ১১.০, থান্ডারবার্ড ১১.০.১, লিব্রাঅফিস ৩.৫.২২, ফটো অ্যাপ শটওয়েল ০.১২.২, সিডি/ডিভিডি বার্নার ব্র্যাসেরো ৩.৪.১ এবং ডিফল্ট মিউজিক প্লেয়ার হিসেবে রয়েছে রিদমবক্স। নটিলাস ফাইল সিস্টেমটি ৩.৩.৯২ সংস্করণে উন্নিত করা হয়েছে।

টুইকিং:

ইউনিটি শেল এ পরিবর্তন করা সহজ নয় ভেবে যারা বিরক্ত তারা উবুন্টু টুইক অথবা মাইইউনিটি ব্যবহার করে দেখতে পারেন। এই দুই অ্যাপ ব্যবহার করে আপনারা উবুন্টু জিনোম/ইউনিটি চেহারা এবং ব্যবহার পরিবর্তন করতে পারবেন।

তবে কোন একটি সংস্করণ বের হওয়া মানেই নতুন আরেকটা সংস্করণের জন্য কাজ শুরু করা! প্রিসাইজ প্যাঙ্গোলিনের পরে অক্টোবরে আসছে ১২.১০ কোয়ান্টাল কুইটজাল। ধারণা করা হচ্ছে সংস্করণটিতে আরও বেশি ক্লাউড বৈশিষ্ট্য যুক্ত হবে এবং নতুন থিম। এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে মে মাসে অনুষ্ঠিতব্য উবুন্টু ডেভেলপমেন্ট সামিটে।

একনজরে প্রিসাইজ প্যাঙ্গোলিন:

ভালো দিক

  • পরীক্ষামূলক ভাবে ব্যবহার বা ইনস্টল করা খুব সহজ
  • দ্রুতগতি সম্পন্ন এবং অত্যন্ত স্থিতিশীল
  • আপডেটগুলো দ্রুত ইনস্টল হয় এবং রিবুট করার প্রয়োজন খুব একটা পরে না
  • সফটওয়্যার কেন্দ্রের মাধ্যমে সহজে অ্যাপ্লিকেশন ইনস্টল বা আনইনস্টল করা যায়।
  • উইন্ডোজ ভিত্তিক আক্রমণ থেকে নিরাপদে থাকবেন।
  • সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন ওএসটি

খারাপ দিক

  • উবুন্টুর' ইউনিটি নামক ইউজার ইন্টারফেসটি এখনো অনেকেই পছন্দ করে না।
  • অফিস অ্যাপ্লিকেশনগুলো মোটামুটিভাবে সমর্থন করলেও- ম্যাক বা উইন্ডোজের মত উবুন্টু এবং লিনাক্সের অন্যান্য সংস্করণগুলো এখনো তেমন ভাবে সৃজনশীল সফটওয়্যার সুবিধা দিতে পারছে না।

ওএসটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে

তথ্যসূত্র: জেডডি নেট

Rating: 
0
Tags: