রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারকে মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের স্মারকলিপি

PriyoTech's picture

(প্রিয় টেক) মোবাইল রিচার্জ ব্যবসায়ীরা কমিশন বৃদ্ধিসহ এগারো দফা দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে স্মারকলিপি দিয়েছে। আজ বুধবার দেওয়া স্মারকলিপিতে তাদের কমিশন ১০ শতাংশ নিশ্চিত করাসহ এগারো দফা দাবি জানিয়েছে।

রিচার্জ ব্যবসায়ীরা তাদের বিদ্যমান কমিশন ২ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার দাবিতে বেশ কিছুদিন থেকে আন্দোলন করে আসছে। এর মধ্যে ঈদের আগে চার দিনের ধর্মঘটও করেছেন তারা।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলু ও সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, রিচার্জ ব্যবসায়ীরা গত কয়েক বছর ধরে দাবি জানালেও এ বিষয়ে কেউ কোন কার্যকর ব্যবস্থাই নিচ্ছে না। কিন্তু দোকান ভাড়াসহ অন্যান্য সকল খরচ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় বিদ্যমান কমিশন দিয়ে জীবন নির্বাহ করা তাদের পক্ষে অসম্ভব।

স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে কমিশন বাড়ানোসহ ভুল নম্বরে রিচার্জ হয়ে গেলে তা ফিরিয়ে আনা, রিচার্জ ব্যবসায়ীদের ২৫ পয়সা মিনিটে অফিসের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া, কমিশন ধাপে ধাপে নয় এক সঙ্গে দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা। এর বাইরে নিবন্ধনহীন দোকানকে রিচার্জ করার সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়েছে।