থুরায়া এক্সটি-ডুয়েল: বিশ্বের বুদ্ধিমান স্যাটেলাইট ফোন!

(প্রিয় টেক) স্যাটেলাইট মোবাইল ফোন অনেক দিন ধরেই বাজারে পাওয়া যায়। বিশ্বের যে কোন স্থানে ব্যবহার করা যায় বলে বিশেষ করে আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরণের মোবাইল ফোনগুলো ব্যবহার করে থাকে। উচ্চ নেটওয়ার্ক খরচের কারণে এই স্যাটেলাইট ফোনগুলো সাধারণ মানুষের কাছে খুব একটা জনপ্রিয় হয় উঠেনি। সম্প্রতি আরব-আমিরাতের স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠান থুরায়া [aθːuˈrajːa] এক্সটি-ডুয়েল নামের একটি হাইব্রিড স্যাটেলাইট ফোনের মাধ্যমে এই সমস্যার কিছুটা হলেও সমাধান করেছেন। ফোনটিকে তারা স্মার্টেস্ট স্যাটেলাইট ফোন হিসেবেও অভিহিত করেছে।
থুরায়া এক্সটি-ডুয়েল প্রতিষ্ঠানটির স্যাটেলাইট ফোন সিরিজের সর্বশেষ সংস্করণ। প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত হলেও সারা বিশ্বে এর গ্রাহক সংখ্যা প্রায় ছয় লক্ষ। এর ডুয়েল নামকরণের প্রধান কারণ হচ্ছে স্যাটেলাইট এবং জিএসএম এই দুই যোগাযোগ ব্যবস্থা গ্রহণের সুবিধা।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে নিজস্ব ওএস যা দেখতে অনেকটা নোকিয়ার প্রাথমিক প্রজন্মের ওএসগুলোর মত! তবে বিশ্বে যে সকল স্যাটেলাইট সেট পাওয়া যায় সেগুলোর মধ্যে এটাতেই শুধু এমপিথ্রি এবং ভিডিও চালানোর জন্য রয়েছে মিডিয়া প্লেয়ার।

মেমরি হিসেবে বিল্ট-ইন অবস্থায় রয়েছে মাত্র ৪০০ মেগাবাইট, তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের ব্যবস্থা রয়েছে। ইনস্টল অবস্থায় থাকছে প্রতিষ্ঠানটির নিজস্ব ইমেইল ক্লায়েন্ট অ্যাপ, ওয়েব ব্রাউজার, ক্যালেন্ডার, টাস্ক, নোট, ক্যালকুলেটর, ইউনিট কনভার্টার এবং স্টপওয়াচ। তবে মোবাইলটিতে জাভা প্রোগ্রাম ইনস্টল করা সম্ভব। বর্তমানে যে সকল সস্তা মোবাইল ফোন পাওয়া যায় সে তুলনায় অ্যাপগুলোকে মান্ধাতা আমলের বলে মনে হলেও স্যাটেলাইট ফোনগুলোর ক্ষেত্রে এর মাঝে পাবেন সবচেয়ে বেশি অ্যাপ এবং বিশেষ বৈশিষ্ট্য বিল্ট-ইন অবস্থায়।

যোগাযোগ ব্যবস্থা হিসেবে পাবেন জিপিএস, জিএসএম (থ্রিজি নেই) এবং ব্লুটুথ। জিপিএস সুবিধা অবশ্য থুরায়ার নিজস্ব স্যাটেলাইট নির্ভর। প্রতিষ্ঠানটির বর্তমানে দুটি স্যাটেলাইট রয়েছে যার বিস্তার বিশ্বের দুই-তৃতীয়াংশ জায়গা। ফলে, আপনি ১০০ কিলোমিটার বেগে চললেও সেটটি ব্যবহার করে যোগাযোগ রাখতে পারবেন। অর্থাৎ আপনি গাড়ি চালাতে চালাতে সেটটি ব্যবহার করতে পারবেন তবে রাস্তা সোজা হতে হবে।

তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে পাচ্ছেন ৯০০/১৮০০ ব্যান্ডে জিএসএম জিপিআরএস সুবিধা অথবা ৬০কি.বা./সে স্যাটেলাইট নেটওয়ার্ক। এছাড়া কম্পিউটারের সাথে সংযোগ দেবার জন্য রয়েছে ইউএসবি থেকে সিরিয়াল ক্যাবল। জিএসএম এর ক্ষেত্রে আপনি যে কোন সাধারণ নেটওয়ার্ক ব্যবস্থা ব্যবহার করতে পারেন আর যখন কোন নেটওয়ার্ক বিহীন স্থানে পৌঁছুবেন তখন ব্যবহার করবেন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। বিশ্বের ২৫০ টি মোবাইল পরিচালক প্রতিষ্ঠানের সাথে থুরায়ার চুক্তি থাকায় বিশ্বের যে কোন স্থান থেকে ফোন করলেও মিনিট প্রতি খরচ $১ মার্কিন ডলারের কম হবে।













