নেক্সাস ১০ দেখা দিলো গুগল প্লে স্টোরে, $৩৯৯ ডলার থেকে দাম শুরু

A.I.Sajib's picture

(প্রিয় টেক) স্যামসাং ও গুগল মিলে নেক্সাস ফোন তৈরি করেছে অনেক আগেই। ট্যাবলেট তৈরি করার জন্য প্রথমে আসুসকে বেছে নেয় গুগল। কিন্তু এবার আরও বড় আকারের ট্যাবলেট বানানোর জন্য সেই স্যামসাং-এর কাছেই ফিরে গেছে গুগল। আর এই দুই কোম্পানি মিলে ঘোষণা দিয়েছে ১০ ইঞ্চি আকারের নতুন নেক্সাস ১০-এর, যা আজ প্লে স্টোরে দেখা যাচ্ছে।

গুগল জানিয়েছে, ১০ ইঞ্চি আকারের এই ট্যাবলেটের ডিসপ্লেতে রয়েছে ২৫৬০ x ১৬০০ পিক্সেল রেজুলেশন। ফলে পিক্সেল ঘনত্ব এসে দাঁড়িয়েছে ৩০০পিপিআই যা নতুন আইপ্যাডের চাইতে বেশি। সাথে গরিলা গ্লাস ২ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে পাচ্ছেন ডুয়েল-কোর ১.৭ গিগাহার্জ ইক্সিনস ৫২৫০ বা কর্টেক্স এ১৫ প্রসেসর, সাথে মালি টি৬০৪ জিপিইউ এবং ২ গিগাবাইট র‌্যাম।

৯০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যানড্রয়েড ৪.২ জেলি বিন সম্বলিত নেক্সাস ১০-এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, স্টেরিও স্পিকার, ডুয়েল এনএফসি, ব্লুটুথ ৪.০, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই বি/জি/এন (মিমো+এইচটি৪০)।

৯ হাজার এমএএইচ ব্যাটারিটি নয় ঘণ্টা ভিডিও এবং ৫০০ ঘণ্টা স্ট্যান্ডবাই অবস্থায় রাখার মত ক্ষমতা সম্পন্ন বলে জানিয়েছে গুগল।

সূত্র জানিয়েছে, ১৬ গিগাবাইটের নেক্সাস ১০ $৩৯৯ ডলারে এবং $৪৯৯ ডলারে ৩২ গিগাবাইটের নেক্সাস ১০ পাওয়া যাবে। নেক্সাস ৪-এর মতোই নভেম্বরের ১৩ তারিখ থেকে প্লে স্টোর থেকে ব্যবহারকারীরা নেক্সাস ১০ কিনতে পারবেন বলে জানা গেছে।