নেক্সাস ৭-এর স্টোরেজ বাড়িয়ে দাম কমালো গুগল; সঙ্গে এলো ৩জি সংযোগ সুবিধা

(প্রিয় টেক) গুগল সম্প্রতি তাদের নেক্সাস ৭ ট্যাবলেটের ধারণক্ষমতা বাড়িয়ে দাম কমালো। কোম্পানিটি জানিয়েছে, আজ থেকে ৮ গিগাবাইটের দামে অর্থাৎ $১৯৯ ডলারেই ১৬ গিগাবাইটের নেক্সাস ৭ কেনা যাবে। সেইসঙ্গে $২৪৯ ডলারে পাওয়া যাবে নতুন ৩২ গিগাবাইটের নেক্সাস ৭। এছাড়াও ৩জি সংযোগ সুবিধার ৩২ গিগাবাইট নেক্সাস ৭ পাওয়া যাবে $২৯৯ ডলারে।

একই দিনে গুগল অ্যানড্রয়েড ৪.২ ও এলজির নেক্সাস ৪-ও উদ্বোধন করে।
২৯শে অক্টোবর অর্থাৎ আজ নিউ ইয়র্কে গুগলের বিভিন্ন ঘোষণা আসার কথা থাকলেও যুক্তরাষ্ট্রে হারিক্যান স্যান্ডির প্রকোপের কারণে ইন্টারনেটের মাধ্যমেই এসব ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়।
গুগল জানিয়েছে, নতুন ঘোষিত নেক্সাস ৭-এর হার্ডওয়্যারে কোনো পরিবর্তন নেই। কেবল ৮ গিগাবাইটের দামে ১৬ গিগাবাইট ইউনিট এবং ১৬ গিগাবাইটের দামে ৩২ গিগাবাইট ইউনিট বিক্রি হচ্ছে। আর নতুন ৩জি ইউনিটে রয়েছে এইচএসপিএ+ জিএসএম নেটওয়ার্ক যার ফলে মোবাইল ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। তবে এই সিমকার্ডের স্লটের জন্য ক্রেতাকে গুণতে হবে পুরো $২৯৯ ডলার।
নেক্সাস ৪-এর সঙ্গেই ৩জি সুবিধার ৩২ গিগাবাইট নেক্সাস ৭ নভেম্বরের ১৩ তারিখ থেকে পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।












