ওয়েবে ও মোবাইলেও সরাসরি দেখা যাবে অ্যাপলের আইপ্যাড মিনি অনুষ্ঠান

A.I.Sajib's picture

(প্রিয় টেক) অ্যাপল টিভি ব্যবহারকারীরা অ্যাপলের মঙ্গলবারের আইপ্যাড মিনি উন্মোচন অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন বলে একটু আগেই আমরা জানিয়েছিলাম। কিন্তু এইমাত্র অ্যাপল ঘোষণা করেছে, কেবল অ্যাপল টিভিই নয়, ওয়েবেও সরাসরি সম্প্রচার করা হবে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত আইপ্যাড মিনির এই ইভেন্ট।

অ্যাপল
তবে অ্যাপল জানিয়েছে, এই অনুষ্ঠান দেখার জন্য কিছু 'সিস্টেম রিকোয়্যারমেন্টস' রয়েছে। ম্যাক অপারেটিং সিস্টেম ১০.৬ বা এর পরের সংস্করণে সাফারি ব্রাউজার ৪ অথবা এর পরের সংস্করণ; আইওএস অপারেটিং সিস্টেমের ৪.২ অথবা এর পরের সংস্করণে সাফারি ব্রাউজার এবং দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভি (সফটওয়্যার ৫.০.২) ব্যবহারকারীরাই ওয়েবের মাধ্যমে এই অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন।

সহজ কথায়, অ্যাপল আইপ্যাড মিনি ইভেন্ট দেখতে হলে আপনার লাগবে ম্যাক, আইফোন, আইপ্যাড কিংবা অ্যাপল টিভি।


অ্যাপল টিভি স্ক্রীণশট: সৌজন্যে তানভীর সাদ

ট্যাবলেট বাজারের শুরুটা অ্যাপল তাদের আইপ্যাডের মাধ্যমেই ঘটায়। এরপর অন্যান্য কোম্পানি কম দামে ও ছোট আকারের ট্যাবলেট ডিভাইস বাজারে আনতে শুরু করলে ৭-৮ ইঞ্চি আকারের ট্যাবলেট ডিভাইসের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে আইপ্যাড ব্যবহারকারীরাই কম দামে ছোট আকারের আইপ্যাড আশা করতে শুরু করেন। তারই প্রেক্ষিতে অ্যাপল আইপ্যাডের ছোট আরেকটি সংস্করণের জন্য কাজ শুরু করে যাকে বিশ্বব্যাপী মিডিয়ায় আইপ্যাড মিনি বলে সম্বোধন করা হচ্ছে। আজকের অনুষ্ঠানকেও অ্যাপল "বিশেষ অনুষ্ঠান" নাম দিয়েছে। অথচ সারাবিশ্বে একে আইপ্যাড মিনি উদ্বোধনের অনুষ্ঠান বলেই ডাকা হচ্ছে।

বরাবরের মতোই অনুষ্ঠানের আগ মূহুর্তে বর্তমানে অ্যাপল স্টোর বন্ধ রয়েছে। অনুষ্ঠান উপলক্ষ্যে অ্যাপলের সাইটও আপডেট করা হয়েছে ইতোমধ্যেই। এখন কেবল অনুষ্ঠান শুরুর অপেক্ষায় থাকবে বিশ্বব্যাপী অ্যাপল পণ্য ব্যবহারকারীরা।