আইপ্যাড মিনি অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে অ্যাপল টিভিতে

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি দি ভার্জসহ একাধিক সূত্র জানিয়েছে, অ্যাপলের আজকের আইপ্যাড মিনি নিয়ে পূর্বঘোষিত অনুষ্ঠানটি অ্যাপল টিভি গ্রাহকরা সরাসরি উপভোগ করতে পারবেন। অ্যাপল টিভি ব্যবহারকারীরা তাদের হোমস্ক্রিনে অ্যাপল ইভেন্টস নামে একটি আইকন দেখতে পাচ্ছেন যেটাতে ক্লিক করলে প্যাসিফিক সময় সকাল দশটায় ক্যালিফোর্নিয়ার থিয়েটারে অনুষ্ঠিতব্য আইপ্যাড মিনি অনুষ্ঠানটি সরাসরি দেখার আমন্ত্রণ দেখা যাচ্ছে।

প্রথমে ম্যাকরিউমারস-এর চোখে এই আইকনটি ধরা পড়ে। পরে আইটিউনস সহ বিভিন্ন স্থানে খুঁজে অন্য কোনো মাধ্যমে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অ্যাপল জানিয়েছে, তারা অনুষ্ঠানটি অ্যাপল টিভিতে সম্প্রচার করবে।

দি ভার্জ জানিয়েছে, ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত অ্যাপল তাদের কোনো অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করেনি। এই প্রথম তাদের বহু প্রতীক্ষিত আইপ্যাড মিনি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতে যাচ্ছে তাও কেবল অ্যাপল টিভি ব্যবহারকারীদের কাছে।

প্রসঙ্গত, ২৯শে অক্টোবর গুগল নিউ ইয়র্কে আয়োজন করেছে আরেক অনুষ্ঠানের যেখানে একই সঙ্গে এলজি নেক্সাস ৪ ফোন, নেক্সাস ৭ ৩২ গিগাবাইট, স্যামসাং নেক্সাস ১০ ট্যাবলেট এবং অ্যান্ড্রয়েডের ৪.২ (জেলি বিনের একটি মাইনর আপডেট) মুক্তি পাবে বলে জানা গেছে। এই অনুষ্ঠানটি গুগল অ্যান্ড্রয়েডের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে।