মাত্র $৪৫ ডলার মূল্যের ট্যাবলেট

(প্রিয় টেক) অ্যানড্রয়েড ট্যাবলেটের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। গ্রাহকদের নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ ও অ্যানড্রয়েড ডিভাইসের মূল্য হ্রাস পাওয়ার কারণে এই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চীনা ট্যাবলেটগুলো এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে। বর্তমানে বাজারে চীনের তৈরি এমন ট্যাবলেটও রয়েছে যার মূল্য ৭০ ডলারেরো কম।
চীনা আমদানি সাইটগুলো যদি ঘেঁটে দেখা হয় তাহলে অবিশ্বাস্য মূল্যের ট্যাবলেট লক্ষ্য করা যায়। যেমন, জেএক্সডি এস-১৮ নামের একটি ট্যাবলেটের মূল্য মাত্র $৪৬.৪৯ ডলার, এছাড়াও রয়েছে $৬৯.০১ মার্কিন ডলার মূল্যের কিউ-৮৮, $৭১.০৬ ডলার মূল্যের পি ৭২২, $৬৯.০১ ডলারের জিপ্যাড এ১৩ এবং আরো অনেক।
অ্যান্ড্রয়েড ৪.০ অথবা আরও আপডেটেড অপারেটিং সিস্টেম সমন্বিত কমপক্ষে ৩২ টি ডিভাইস মাত্র ১০০ ডলারের কম মূল্যে পাওয়া যাবে, এমনকি এই ডিভাইস গুলো ফ্রি শিপিং করা হবে।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম এবং আর্ম চিপসেট ভিত্তিক হবার কারণে এই ট্যাবলেটগুলোর মূল্য এত কম বলে ধারণা করা যাচ্ছে। তবে ট্যাবলেটগুলোতে একদম আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ধারণা করলে ভুল করবেন।
এই ধরণের সস্তা ট্যাবলেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অত্যধিক কম মূল্য। সত্যি কথা বলতে কি ট্যাবলেট আপনার হাত থেকে কখনো না কখনো পড়বে অথবা নষ্ট হয়ে যাবে। আর সস্তা হবার কারণে অকেজো হয়ে গেলেও তা ব্যবহারকারীর মনে তেমন কোন প্রভাব ফেলবে না। এছাড়া এ ধরণের পণ্য সাধারণত যারা ক্রয় করে থাকে তারা ব্র্যান্ড নাম আর অ্যানড্রয়েড এর সর্বশেষ সংস্করণটি চলছে কি না সে ব্যাপারে থোড়াই কেয়ার করে।
বেশির ভাগ সময় নিজেকে আধুনিক হিসেবে পরিচিত করে তোলার লক্ষ্যে ট্যাবলেট ক্রয় করে থাকে। এ সকল ব্যবহারকারীদের ট্যাবলেট ব্যবহারের পরিধি গান শোনা, ছবি দেখা, ইমেইল এবং ফেসবুক বা টুইটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
আর এ ধরণের ব্যবহারকারীদের জন্য আইপ্যাড বা সারফেস অপেক্ষা চীনা সস্তা ট্যাবলেটই যথেষ্ট।













