হোন্ডো জেড-৬০ চিপসেটের স্পেসিফিকেশন উন্মোচন করলো এএমডি

(প্রিয় টেক) চিপ নির্মাতা এএমডি উইন্ডোজ এইট ভিত্তিক ট্যাবলেটের জন্য নতুন হোন্ডো অ্যাকসিলারেটেড প্রসেসর ইউনিট (এপিইউ) বের করেছে। প্রতিষ্ঠানটি আইডিএফ মেলায় নতুন এই চিপটি সকলের সামনে তুলে ধরে এবং বিশেষ ভাবে উইন্ডোজ এইটকে সমর্থন করবে বলে উল্লেখ করে।

এএমডি'র নতুন জেড-৬০ এপিইউটি তৈরি হয়েছে ১ গিগাহার্জ দ্বৈত-কোর চিপ সম্বলিত হয়ে। এই চিপের সাথে র্যাডিওন গ্রাফিক্স দেয়া হয়েছে এবং চিপসেটটির শক্তি গ্রহণের হার ৪.৫ ওয়াট।
এএমডি'র দাবী যে সকল জেড-৬০ ট্যাবলেটে ৩০ ডাব্লিউএইচআর ব্যাটারি সংযোজিত থাকবে সেগুলোর ব্যাটারির স্থায়িত্বকাল ১০ ঘণ্টা এবং দুই সপ্তাহ পর্যন্ত স্ট্যান্ডবাই অবস্থায় থাকতে পারবে।

এএমডি'র এই চিপসেট তাদের প্রতিদ্বন্দ্বী ইন্টেলের ক্লোভার ট্রেইল অ্যাটম প্রসেসর এর পাল্লা দিবে বলে ধারনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে বর্তমান যুগের গ্রাহক 'র'-পাওয়ারের চাইতে ডিজাইনকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। কথাটা শুনলে মনে হয় প্রতিষ্ঠানটি যে ক্লোভার ট্রেইলের সাথে যুদ্ধ করে পারবে সে কথা আগে থেকেই স্বীকার করে নিচ্ছে। কিন্তু এটা বাস্তব যে আজকের যুগে বিশেষ করে স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে খুব সংখ্যক গ্রাহকই রয়েছে যারা এর ভেতরে কি ধরণের প্রসেসর বা র্যাম রয়েছে সে ব্যাপারে চিন্তা করে থাকে।
এএমডি দৃঢ় বিশ্বাস গ্রাফিক্স পারফরমেন্সের ক্ষেত্রে ইন্টেলের ক্লোভার ট্রেইল অপেক্ষা হোন্ডো চিপসেট অনেক বেশি দক্ষতা প্রকাশ করতে পারবে। নতুন চিপসেটটির গ্রাফিক্স পারফরমেন্স ইন্টেলের সেডার ট্রেইল অপেক্ষা ৫X/৬X ভালো এবং ট্যাবলেটে এতদিন দেখা যায় নি এত ভালো পারফমেন্স দেখা যাবে বলেও উল্লেখ করে এএমডি। ১৯২০X১২০০ রেজ্যুলুশন সমর্থন করা ছাড়াও মডার্ন ওয়ারফেয়ার এর মত গেমগুলো ১০২৪X৭৬৮ রেজ্যুলুশন এবং মধ্যম সেটিংসে চালাতে পারবে। তবে এইচডি কনটেন্টের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পেতে হলে ১০৮০পি এর বদলে ৭২০পিকে প্রাধান্য দিয়েছে এএমডি।
এএমডি'র জেড-৬০ এপিইউ সমৃদ্ধ উইন্ডোজ এইট ভিত্তিক ট্যাবলেটগুলোর মূল্য $৫০০ ডলার থেকে শুরু হবে বলে আশা করছে।










