এইচপি'র ব্যবসা বান্ধব ট্যাবলেট এলিটপ্যাড ৯০০

(প্রিয় টেক) বিশ্বের বৃহত্তম পিসি নির্মাতা হিউলেট প্যাকার্ড সম্প্রতি তার ব্যবসায়িক গ্রাহকদেরকে লক্ষ্য করে এলিটপ্যাড ৯০০ নামে উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে।

এলিটপ্যাড ৯০০ নামের এই ট্যাবলেটটি ইন্টেলের নতুন ক্লোভার টেইল চিপসেট ভিত্তিক। রয়েছে ১০.১" মাপের পর্দা যাতে ব্যবহার করা হয়েছে ১২৮০X৮০০ রেজ্যুলুশনের (১৬:১০) আর ব্যবহার করা হয়েছে বিখ্যাত গোরিলা গ্লাস ২.০। ১.৫ পাউন্ড ওজনের এই ট্যাবটির পুরুত্ব মাত্র ৯.২ মিলিমিটার।

এইচপি এই মুহূর্তে ক্লোভার ট্রেইলের কোন সংস্করণের প্রসেসর ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কোন ধারনা প্রকাশ করেনি। তবে ক্লোভার ট্রেইল হবার কারণে তা আগামী প্রজন্মের কোন অ্যাটম প্রসেসর হবে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে সর্বোচ্চ ৬৪ গিগাবাইটের এসএসডি, ২ গিগাবাইট র্যাম এবং ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড থাকছে। এছাড়া ওয়াই-ফাই, থ্রিজি, এনএফসি, ব্লুটুথ৪.০ সুবিধা থাকবে এলিটপ্যাডে। ডিসপ্লেযুক্ত এ ট্যাবলেটে সামনে ও পেছনে থাকবে ক্যামেরা।

ব্যবসায়িক গ্রাহকদেরকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে বলে এর সাথে বেশ কিছু অ্যাকসেসরিজ বের করেছে প্রতিষ্ঠানটি যার মাঝে ডকিং স্টেশন অন্যতম। এর মাধ্যমে ট্যাবলেটটিকে নিমিষেই তা অল-ইন-ওয়ান পিসিতে রূপান্তরিত হবে বলে উল্লেখ করেছে এইচপি। এছাড়া ওয়্যারলেস কিবোর্ডের সাথে সংযুক্ত করেও ব্যবহার করতে পারবেন এই ট্যাবলেট।

আইটি বিশেষজ্ঞদের জীবন সহজ করে তোলার জন্য এইচপি এলিটপ্যাড ৯০০কে তার ক্লায়েন্ট সিকিউরিটি স্যুট, এইচপি বায়োস প্রটেকশন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্ক সিকিউরিটির জন্য ল্যানডেস্ক টুলস এর সমর্থন দিয়েছে। এছাড়া এলিটপ্যাডে উইন্ডোজ এইট ব্যবহৃত হওয়ার কারণে আভ্যন্তরিণ ভাবে ডেভেলপারেরা প্রোগ্রামগুলোকে নতুন করে আর কম্পাইল করার প্রয়োজন হবে না। যা আইওএস, অ্যানড্রয়েড অথবা উইনআরটি'র ক্ষেত্রে করতে হবে। এছাড়া এইচপি নতুন ট্যাবটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর স্ক্রিন, চেসিস, ব্যাটারি, মেমরি এবং স্টোরেজ সহজে পরিবর্তনযোগ্য।
২০১৩ সালের জানুয়ারি মাসে এ এলিটপ্যাড ৯০০ বাজারে আনবে এইচপি। এসময়েই ট্যাবলেটটির দাম প্রকাশ করবে এইচপি।













