বিক্রি শেষ কিন্ডল ফায়ারের: অ্যামাজন

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি অ্যামাজন জানিয়েছে, তাদের জনপ্রিয় ট্যাবলেট ও ই-বুক রেডার কিন্ডল ফায়ারের সবগুলো ইউনিট বিক্রি শেষ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, কিন্ডল ফায়ারের পরবর্তী সংস্করণও শিগগিরই ঘোষণা করা হবে।

ঠিক কত সংখ্যক ইউনিট বিক্রি হয়েছে এ ব্যাপারে অ্যামাজন কোনো তথ্য জানায়নি। তারা কেবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ট্যাবলেট বিক্রির ২২ শতাংশই ছিল কিন্ডল ফায়ারের দখলে। তবে এই তথ্য তারা কোন সূত্র থেকে পেয়েছে তাও জানায়নি অ্যামাজন। তবে অ্যামাজনের কিন্ডল ফায়ার বাজারে আসার পর ব্যবহারকারীদের মন জয় করে নিতে ব্যর্থ হয়নি এমনটাই মতামত অনেকের।

kindlefire.jpg

গুগলের নেক্সাস ৭ বাজারে আসার পর অ্যামাজনের কিন্ডল ফায়ারের জন্য লড়াইটা হাড্ডাহাড্ডিতে রূপ নেয়। একই দামে কিন্ডল ফায়ারের তুলনায় নেক্সাস ৭-এর হার্ডওয়্যার ও সফটওয়্যার দু'টিই অনেক বেশি উন্নত। তাই প্রযুক্তি বিশ্বে ধারণা জন্মে যে, কিন্ডল ফায়ার বেশ চাপের মুখে পড়বে। অ্যামাজনের সাম্প্রতিক তথ্যমতে বোঝা যাচ্ছে, প্রতিযোগিতাটা অ্যামাজনও টের পেয়েছিল। তাই আগেভাগেই কিন্ডল ফায়ারের উৎপাদন শেষ করে দিয়ে নতুন কিন্ডল ফায়ারের জন্য কাজ করতে শুরু করে তারা।

অ্যামাজন সাংবাদিকদের সেপ্টেম্বরের ৬ তারিখ একটি প্রেস কনফারেন্সের আমন্ত্রণ পাঠিয়েছে। যদিও কী বিষয়ে প্রেস কনফারেন্স হবে এই ব্যাপারে অ্যামাজন কোনো তথ্য জানায়নি, ধারণা করা হচ্ছে যে, এটিই হবে কিন্ডল ফায়ারের দ্বিতীয় সংস্করণের অবমুক্তকরণ অনুষ্ঠান। তবে কিন্ডল ফায়ারের নতুন সংস্করণে যা-ই থাকুক না কেন, প্রতিযোগিতাটা এড়াতে পারবে না অ্যামাজন। বিশেষ করে অ্যাপলের আইপ্যাড মিনি নামে একটি ছোট আকারের ও কমদামের আইপ্যাড ডিভাইস বাজারে আসবে বলে প্রচলিত রয়েছে বলে অ্যামাজনকে সেই ২২ শতাংশ বাজার পেতেও বেশ বেগ পেতে হতে পারে।