স্যামসাং তাদের নতুন উইন্ডোজ ৮ ট্যাবলেট পিসিতে আবারও নকল করলো অ্যাপলকে

(প্রিয় টেক) উইন্ডোজ এইট চালিত নতুন ট্যাবলেট পিসি ঘোষণা করেছে স্যামসাং। আর এই ট্যাবলেট পিসিগুলো ঘাঁটতে গিয়ে পরিচিত চেহারা দেখতে পেয়েছেন প্রযুক্তিবিদরা। খুব বেশি সময় লাগলো না এই সত্যটা টের পেতে যে, এতোকিছুর পরও স্যামসাং আবারও নকল করেছে অ্যাপলের ডিজাইন।

হার্ডওয়্যার নয়, বরং সফটওয়্যারে এই নকল দেখা গেছে। ম্যাকওয়ার্ল্ড জানিয়েছে, স্যামসাং তাদের নতুন ট্যাবলেট পিসিগুলো এস-লঞ্চার নামে একটি ডক জুড়ে দিয়েছে যা সবসময় স্ক্রিনের নিচের অংশে থাকে। এখান থেকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীরা এক ক্লিকেই চালু করতে পারবেন।
কিন্তু ডকের ডিজাইন অ্যাপলের ম্যাকে থাকা ডকের সঙ্গে হুবহু মিলে গেছে বলে মন্তব্য করেছে ম্যাকওয়ার্ল্ড, গিজমোডোসহ একাধিক প্রযুক্তি বিষয়ক সাইট।
গিজমোডো'র মতে, অনেকে মনে করতে পারেন কম্পিউটার স্ক্রিনের নিচে থাকা এই ডকটি নতুন কোনো ধারণা নয় আর তাই স্যামসাং কোনো চিন্তা ছাড়াই এটি তৈরি করতে পারে। কিন্তু তাদের উদ্দেশ্য করে সাইটটি লিখেছে, ডক নামের এই ট্রে-টি ১৯৮৯ সালের সেপ্টেম্বরের ১৮ তারিখ নেক্সটস্টেপ অপারেটিং সিস্টেমে প্রথম দেখা যায়। এটি স্টিভ জবসের স্থাপিত নেক্সট-এর তৈরি অপারেটিং সিস্টেম, যে কোম্পানিটি তিনি প্রথম অ্যাপল ছেড়ে দেয়ার পর প্রতিষ্ঠা করেছিলেন।
পরবর্তীতে অ্যাপলের ম্যাকিনটশ অপারেটিং সিস্টেমে এই ডক নিয়ে আসা হয়। এর একটি পেটেন্টও অ্যাপলের কাছে রয়েছে।
এর আগে স্যামসাং আইফোনকে নকল করে হুবহু কিছু ডিভাইস তৈরি করা ছাড়াও অ্যাপলের ম্যাক মিনিকে নকল করে ক্রোমবক্স বাজারে আনে। নতুন এই ডক মিডিয়ায় আসার পর অনেকেই এখন বলছেন, স্যামসাং সত্যিই বেশি নকল করে ফেলছে।











