সেপ্টেম্বরে আইফোনের পর অক্টোবরে আসতে পারে আইপ্যাড মিনি

A.I.Sajib's picture

(প্রিয় টেক) আইপ্যাড প্রেমীরা কম দামে ছোট আকারের আইপ্যাডের জন্য অনেকদিন ধরেই অ্যাপলের দিকে তাকিয়ে আছেন। আইপ্যাড মিনি নিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও একাধিক সূত্র প্রমাণ করেছে যে, অ্যাপল আইপ্যাড মিনি নিয়ে কাজ করছে। এতোদিন সেপ্টেম্বরেই আইপ্যাড মিনির আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে ধারণা করা হলেও সাম্প্রতিক তথ্যমতে, আইপ্যাড মিনি আসবে অক্টোবরে।

অলথিংসডি নিশ্চিত করে জানিয়েছে, সেপ্টেম্বরে আইফোনের ঘোষণা দেয়ার পর অক্টোবরে আইপ্যাড মিনির জন্য আলাদা অনুষ্ঠান করবে অ্যাপল। আইফোনের পরবর্তী সংস্করণটি সেপ্টেম্বরের ১২ তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে বলেও জানিয়েছে নেটওয়ার্কটি।

অ্যাপল তাদের পরবর্তী আইফোন বাজারে বের করেই ৭ ইঞ্চি স্ক্রিনের আইপ্যাড মিনি বাজারে আনবে। আর এ জন্য সূত্র জানিয়েছে, অ্যাপল অক্টোবরেরই কোনো একটি দিনকে বেছে নেবে।

অ্যাপল ৭ ইঞ্চি আকারের আইপ্যাড মিনি আনলে তা হবে আইফোনের চেয়ে বড় ও বর্তমান আইপ্যাডের চেয়ে ৩ ইঞ্চি ছোট। সেইসঙ্গে বর্তমানে বাজারে থাকা নেক্সাস ৭, কিন্ডল ফায়ার, নুক ট্যাবলেটসহ অন্যান্য ছোট স্ক্রিনের ট্যাবলেটের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। আর বছরের শেষে মাইক্রোসফট তাদের সারফেস ট্যাবলেট আনলে পুরোপুরিই জমে উঠবে ট্যাবলেটের বাজার।

তবে আইপ্যাড মিনি নিয়ে অ্যাপল এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।