জল্পনা-কল্পনা বাড়ছে আইপ্যাড মিনিকে ঘিরে

A.I.Sajib's picture

(প্রিয় টেক) অ্যাপলের আইপ্যাডআইফোন নিয়ে জল্পনা-কল্পনার কোনো শেষ নেই। ২০০৭ সালে বাজারে আসার পর থেকেই নতুন আইফোন বা আইপ্যাড সংস্করণ উন্মুক্ত হওয়ার আগ মূহুর্ত পর্যন্ত ছড়াতে থাকা নানা জল্পনা-কল্পনা ও ভক্তদের তৈরি ছবি। আসছে সেপ্টেম্বরেই আইফোনের পরবর্তী সংস্করণ আসবে বলে একাধিক সূত্র জোর দিয়ে দাবি করায় সবাই যখন আইফোনের নতুন সংস্করণে কী থাকে সেই গুজবে ব্যস্ত, তখন ট্যাবলেট অনুরাগীরা হয়তো আইপ্যাড মিনির কোনো খবর নেই বলে হতাশ হতে পারেন। তবে সম্প্রতি আইপ্যাড মিনি নিয়েও নতুন তথ্য ছড়িয়েছে ইন্টারনেটে।
ipad mini

অ্যাপল বিষয়ক অন্যতম জনপ্রিয় সাইট ৯টু৫ম্যাক তাদের সাইটে আইপ্যাড মিনি দেখতে কেমন হতে পারে তা নিয়ে কিছু ছবি প্রকাশ করেছে। তাদের মতে, আইপ্যাড মিনি দেখতে অনেকটা বড় আকারের আইপড টাচের মতো হবে। তবে ৯.৭ ইঞ্চি আইপ্যাডের তুলনায় এর কোণাগুলো হবে আরও পাতলা এবং এতে থাকবে আলাদা ভলিউম বাটন।

সাইটটি জানিয়েছে, ডেয়ারিং ফায়ারবল নামের আরেকটি ব্লগের লেখক জন গ্রুবার আইপ্যাড মিনি নিয়ে কিছু বলার আগ পর্যন্ত তারা এ সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করা বন্ধ রেখেছে। জন গ্রুবার অ্যাপল সংক্রান্ত বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য সম্পর্কে খোঁজ-খবর রাখেন এবং তা তার ব্লগে প্রকাশ করে থাকেন। সম্প্রতি আইপ্যাড মিনি নিয়ে তিনি কিছু তথ্য লেখার পরই ৯টু৫ম্যাক এসব ছবি প্রকাশ করেছে।

ipad mini

জন গ্রুবারের মতে, আইপ্যাড মিনি হবে আকারের দিক দিয়ে আইফোন এবং বর্তমান আইপ্যাডের মাঝামাঝি পর্যায়ের ট্যাবলেট। তিনি এও বলেছেন যে, আইপ্যাড মিনি কেবল আইপ্যাডের একটি ছোট সংস্করণ হবে এই ব্যাপারে তিনি সন্দিহান। তিনি মন্তব্য করেছেন, অ্যাপলের পণ্য সাধারণত তাদের চাহিদা অনুপাতে সঠিক আকারেরই হয়ে থাকে। এ কারণেই আইপ্যাড দেখে মনে হয় না যে এটি টেনে লম্বা করা একটি আইফোন। ঠিক একইভাবে আইপ্যাড মিনিও চেপে ছোট করা কোনো আইপ্যাড হবে না।

৯টু৫ম্যাক আরও জানিয়েছে, সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে সেপ্টেম্বরের ১২ তারিখেই নতুন আইফোন ও আইপ্যাড মিনির ব্যাপারে বিস্তারিত জানাবে অ্যাপল। তবে অক্টোবরের আগে আইপ্যাড মিনি ভোক্তাদের নাগালে আসবে না। তবে এই দু'য়ের একটিও অ্যাপল নিজেরা জানায়নি বলেও উল্লেখ করেছে সাইটটি।