উইন্ডোজ ৮ আরটি চালিত ট্যাবলেট নিয়ে আরও বিস্তারিত জানালো মাইক্রোসফট

(প্রিয় টেক) মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজ এইটের আরটি সংস্করণ নিয়ে আরও বিস্তারিত তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, উইন্ডোজ আরটি-চালিত ট্যাবলেট টানা কয়েক সপ্তাহ স্ট্যান্ডবাই মোডে চালু থাকতে সক্ষম হবে।

উইন্ডোজ আরটি মূলত উইন্ডোজ ৮-এর একটি বিশেষ সংস্করণ যা ট্যাবলেট ডিভাইসের জন্য অপটিমাইজ করে তৈরি করা হয়েছে। এই সংস্করণটিতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়াননোট ছাড়াও আরও বিভিন্ন অ্যাপ্লিকেশন উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। পূর্বে একে উইন্ডোজ অন আর্ম বলে সম্বোধন করা হলেও মাইক্রোসফট মাসখানেক আগে আনুষ্ঠানিকভাবে এর নাম দেয় উইন্ডোজ আরটি।
আসছে অক্টোবরে মাইক্রোসফট তাদের সারফেস ট্যাবলেট ছাড়াও ডেল, লেনোভো, স্যামসাং এবং আসুস একইসঙ্গে তাদের উইন্ডোজ আরটি-চালিত ট্যাবলেট পিসির আনুষ্ঠানিক ঘোষণা দেবে। মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি এক ব্লগ পোস্টে বিষয়টি জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেননি এই সবগুলো কোম্পানি একইদিনে তাদের উইন্ডোজ ৮ আরটি চালিত ট্যাবলেট পিসি ঘোষণা করবে কি না।
উইন্ডোজ আরটি-চালিত ডিভাইস থেকে ভোক্তারা কী আশা করতে পারেন সে সম্পর্কে বলতে গিয়ে স্টিভেন তার পোস্টে লিখেছেন,উইন্ডোজ আরটিতে রয়েছে কানেক্টেড স্ট্যান্ডবাই নামের নতুন এক পাওয়ার মোড যা অত্যন্ত কম ব্যাটারি পাওয়ার খরচ করে চালু থাকে অথচ নেটওয়ার্ক থেকে ডেটা ট্রান্সফার করে ডিভাইসের সব তথ্যাদি আপডেটেড রাখতে পারে। কানেক্টেড স্ট্যান্ডবাই মোডে এসব ডিভাইস ১৩ থেকে ১৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। আর যে কোনো সময় কাজ করতে চাইলে এক স্পর্শে মূহুর্তেই পুরো ডিভাইস চালু হয়ে কাজ করার পর্যায়ে (ওয়ার্কিং স্টেট)-এ নিয়ে আসা যাবে।
উইন্ডোজ আরটি-চালিত ডিভাইসের টাচ এক্সপেরিয়েন্স নিয়ে স্টিভেন বলেছেন, ইন্ডাস্ট্রি-লিডিং অ্যাকুরেসি নিয়ে তৈরি হয়েছে এর ইউজার ইন্টারফেস এবং এর এনিমেশন (যেমন মেনু স্ক্রলিং) যা সেকেন্ডে ৬০ ফ্রেম গতিতে রেন্ডার করতে সক্ষম। ডেটা শেয়ারিং-এর ক্ষেত্রেও পিছিয়ে নেই উইন্ডোজ আরটি। এনএফসি বা Near-Field Communication প্রযুক্তি ব্যবহার করে দু'টি এনএফসি-সক্ষম উইন্ডোজ আরটি ডিভাইস পাশাপাশি রেখে স্ক্রিনে টাচ করেই ব্যবহারকারীরা ছবি, ওয়েব ঠিকানা, ম্যাপ ডিরেকশন ইত্যাদি শেয়ার করতে পারবেন। এই প্রযুক্তির ব্যবহার অনেকেই স্যামসাং গ্যালাক্সি এসথ্রি-এর বিজ্ঞাপনে দেখে থাকবেন।
উইন্ডোজ আরটির বিভিন্ন সুবিধার কথা বললেও অসুবিধার বিষয়টি এড়িয়ে গেছেন স্টিভেন সিনোফস্কি। উইন্ডোজ ৭, এক্সপি এবং ভিসতার জন্য তৈরি কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারই উইন্ডোজ আরটি-তে কাজ করবে না। তাই উইন্ডোজ আরটি ব্যবহারকারীরা হাতে নেবেন সম্পূর্ণ নতুন এক পরিবেশের ট্যাবলেট ডিভাইস। সেই পরিবেশের সঙ্গে ব্যবহারকারী কতটুকু মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।














