ক্রোমের জন্য এক্সটেনশন মুক্তি দিলো অ্যামাজন

(প্রিয় টেক) সম্প্রতি অ্যামাজন গুগল ক্রোম ব্রাউজারের জন্য "সেন্ড টু কিন্ডল" নামের নতুন একটি এক্সটেনশন তৈরি করেছে। এর মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন, ব্লগ পোস্ট বা নির্দিষ্ট লেখা ব্যবহারকারীরা তাদের কিন্ডল ডিভাইসে পাঠাতে পারবেন।

সেন্ড টু কিন্ডল-এর অন্যতম সুবিধা হচ্ছে এটি ওয়েবপেজের বিজ্ঞাপনসহ অন্যান্য সামগ্রী যেগুলো পাঠক চান না তা মুছে দেয়। কেবল লেখাটুকুই ব্যবহারকারীর কিন্ডলে পৌঁছে দেবে এই এক্সটেনশন। আর অ্যামাজনের হুইসপারসিংক প্রযুক্তি ব্যবহারকারী কোন পৃষ্ঠা পর্যন্ত পড়েছেন এবং কী কী নোট রাখছেন এবং কোথায় হাইলাইট করছেন ইত্যাদি সংরক্ষণ করবে। এতে করে কারো একাধিক কিন্ডল ডিভাইস থাকলে তিনি যা পড়ছেন এবং যতটুকু পড়ছেন তা অন্য ডিভাইসগুলোতেও আপডেট হয়ে যাবে।
ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কিন্ডল ডিভাইসে বিনামূল্যেই ওয়েবপেজের লেখা পাঠানো গেলেও অ্যামাজনের হুইসপারনেটের মাধ্যমে পাঠাতে গেলে ব্যবহারকারীর কাছ থেকে চার্জ কাটবে আমাজন।
কম্পিউটার থেকে অ্যামাজনে পাঠানোর ব্রাউজার এক্সটেনশন আগেও ছিল। তবে এই প্রথম আমাজন আনুষ্ঠানিকভাবে নিজেরাই গুগল ক্রোম ব্রাউজারের জন্য এই এক্সটেনশন তৈরি করলো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মজিলা ফায়ারফক্স এবং অ্যাপল সাফারি ব্রাউজারের জন্যও এই এক্সটেনশন তৈরির কাজ চলছে।













