গুগল নেক্সাস সেভেনে ডিসপ্লে সমস্যা

(প্রিয় টেক) গুগলের সদ্য উন্মোচিত নেক্সাস ট্যাবলেটটি স্বল্প মূল্যের হবার কারণে দোকানের তাক থেকে নিমিষেই অদৃশ্য হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু এর নির্মাণ মান সম্পর্কে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে, এমন কি বিখ্যাত কিছু সাইটের বিশ্লেষকদের কাছ থেকেও এসেছে এই অনুযোগ। তবে বেশির ভাগ অনুযোগের বিষয় ট্যাবলেটটির ডিসপ্লেটি।
৮ গিগাবাইট এবং ১৬ গিগাবাইট মডেলের ট্যাবলেটগুলির মূল্য যথাক্রমে $১৯৯ এবং $২৪৯ মার্কিন ডলার ধার্য করা হয়। সম্প্রতি আইসাপ্লাই সূত্রে জানা গিয়েছে এই ট্যাবলেট নির্মাণে গুগলের খরচ, ৮ গিগার ক্ষেত্রে $১৫১ ($১৫৯ অন্যান্য খরচ সহ) মার্কিন ডলার এবং ১৬ গিগার ক্ষেত্রে $১৫৯~($১৬৬ অন্যান্য খরচ সহ) মার্কিন ডলারের মত। ফলে গুগল যে এখান থেকে খুব একটা লাভ করছে না তাতো বোঝাই যাচ্ছে। আর তাই সমস্যা দেখা দিলেও ব্যাপারটাতে অবাক হচ্ছে না অনেকেই।

ভেঞ্চার বিটের ডেভিন্দ্রা হারদাওয়ার জানিয়েছেন একই সাথে অনেকগুলো অ্যাপ আপডেট করার সময় অথবা একই সঙ্গে কয়েকটি অ্যাপ যখন ফোনের সাথে সিঙ্ক করার মত ডাটা ইন্টেনসিভ কাজের সময় ডিভাইসটির স্পর্শপর্দা ইনপুট রেজিস্টার (বুঝতে) করতে পারে না।
গিক.কম এর রায়ান হোয়াইটওয়াম তার প্রতিবেদনে জানিয়েছেন তার নেক্সাস সেভেনটি অত্যধিক গ্রাফিক্স নির্ভর গেম খেলার সময় মাঝে মাঝেই স্পর্শ বুঝতে পারে না। স্ক্রিনটি অফ করে আবার অন করার মাধ্যমে এ সমস্যাটির সমাধান হয় বলে উল্লেখ করেন তিনি।
সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব বলে ধারণা করা গেলেও অনেকেই স্ক্রিনটির হার্ডওয়্যারেও সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছেন।

পকেটনাও নেক্সাস সেভেনের একটি ছবি প্রকাশ করেছে যেখানে ব্যাকলাইট ব্লিডিং সমস্যা লক্ষ্য করা গিয়েছে। এদিকে অ্যানড্রয়েডঅথোরিটি জানিয়েছে অনেক গুলো ইউনিটের ডিসপ্লেটি ভালোভাবে স্ক্রু দিয়ে ঠিক মত না লাগানোর কারণে ট্যাবলেটের প্লাস্টিক বেজেল ভেদ করে তা বেড়িয়ে এসেছে এবং হাত দিলে শব্দ করছে।
তবে কিছু ব্যবহারকারী এ ধরণের সমস্যার কথা উল্লেখ করলেও বেশির ভাগ ব্যবহারকারী তাদের ট্যাবলেটটি হাতে পেয়ে অত্যন্ত খুশী হয়েছেন বলে অনলাইনের মাধ্যমে জানিয়েছেন। পিসি ওয়ার্ল্ডের মেলিসা পেরেনসন এর মতে নেক্সাস সেভেন সস্তা ট্যাবলেট থেকে কি আশা করা যায় এবং কি করতে পারে সে সম্পর্কে ধারণা পালটিয়ে দিবে বলে মনে করেন।
তিনি ডিসপ্লেতে কোন সমস্যা পাননি বলে জানিয়েছেন। যে সকল ব্যবহারকারী তাদের নেক্সাসে সমস্যা লক্ষ্য করছেন তাদেরকে তা পরিবর্তন করে নেবার পরামর্শ দিয়েছে পিসি ওয়ার্ল্ড।
ধারণা করা যাচ্ছে, দ্রুত বাজারে নিয়ে আসার চাপের কারণে উৎপাদন মান সবসময় ঠিক রাখতে পারেনি নির্মাতা প্রতিষ্ঠানটি।
640











