হাতে আসতে শুরু করেছে গুগলের সাশ্রয়ী ট্যাবলেট, নেক্সাস ৭

অবশেষে বহুল প্রতীক্ষিত ট্যাবলেট নেক্সাস ৭ গ্রাহকদের হাতে পৌঁছে দেবার কার্যক্রম শুরু করেছে গুগল। প্রথমবারের মতো গুগলের নিজস্ব ব্র্যান্ডের এই ট্যাবলেট কেবল যারা প্রি-অর্ডার করেছেন তাদের কাছেই পৌঁছানো শুরু করেছে।
এ বছরের শুরু থেকেই প্রযুক্তি বিশ্বে গুজব ছড়িয়ে পড়ে যে, ট্যাবলেট জগতে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা থাকলেও গুগল তাদের নিজস্ব তত্ত্বাবধানে একটি ট্যাবলেট তৈরি করছে। এই গুজবের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হয়ে ওঠে এর দাম। ধারণা করা হয়, অবিশ্বাস্য রকমের হার্ডওয়্যার বা স্পেসিফিকেশন সম্বলিত এই ট্যাবলেট মাত্র ২০০ ডলার কিংবা তার নিচেই বিক্রি করা হতে পারে।

সবশেষে জুলাই-এর শুরুতে গুগল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় আসুস-এর তৈরি ৭ ইঞ্চি আকারের নেক্সাস ৭ ট্যাবলেটের। এই ট্যাবলেটের মোড়ক উন্মোচিত হবার পর থেকেই গুগল এর জন্য প্রি-অর্ডার নিতে শুরু করে। সম্প্রতি প্রযুক্তির খবর বিষয়ক সাইট টেকক্রাঞ্চ নিশ্চিত করেছে যে, প্রি-অর্ডার করা ক্রেতাদের দ্বারপ্রান্তে পৌঁছতে শুরু করেছে নেক্সাস ৭।
বিভিন্ন বিশেষজ্ঞরা ইতোমধ্যেই নেক্সাস ৭-কে একটি শক্তিশালী ট্যাবলেট ডিভাইস বলে আখ্যায়িত করেছেন। 800x1280 পিক্সেল রেজুলেশনের এই ট্যাবলেটে রয়েছে কর্নিং গরিলা গ্লাস। ১ গিগাবাইট র্যাম এবং কোয়াড-কোর ১.৩ গিগাহার্জ প্রসেসর সমৃদ্ধ নেক্সাস ৭-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর অপারেটিং সিস্টেম। যেখানে বাজারে থাকা সব স্মার্টফোনে এখনো অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ আপডেট করা হয়নি, সেখানে গুগলের নেক্সাস ৭ ট্যাবলেটে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.১ যার কোডনেম হচ্ছে জেলি বিন। এছাড়াও দ্রুততর প্রসেসিং-এর জন্য রয়েছে বিশ্বব্যাপী সমাদৃত এনভিডিয়ার টেগরা ৩ চিপসেট। এতোকিছু নিয়ে কেবল ১৯৯ ডলারে নেক্সাস ৭ কীভাবে বিক্রি হতে পারে এ নিয়েই অবাক হয়েছেন অনেকে।
উল্লেখ্য, নেক্সাস ৭ স্পেসিফিকেশনের দিক দিয়ে এই দামের ট্যাবলেট হিসেবে অতুলনীয় হলেও এতে নেই কোনো জিএসএম অথবা থ্রিজি সাপোর্ট। অর্থাৎ, কেবল ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমেই এই ট্যাবলেট ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে পারবে। তাই বর্তমান মুদ্রার বিনিময় হার অনুসারে বাংলাদেশি টাকায় এর দাম মাত্র ১৬ হাজার টাকার মতো হলেও বাংলাদেশে উন্নত বিশ্বের মতো সব জায়গায় ওয়াই-ফাই হটস্পট না থাকায় এখানে ব্যবহারকারীরা খুব একটা সুবিধা পাবেন না নেক্সাস ৭ থেকে।















