রেটিনা ডিসপ্লে সমৃদ্ধ ট্যাবলেট নিয়ে আসছে মাইক্রোসফট!

(প্রিয় টেক) গুজব, গুজব আর গুজব - মাইক্রোসফটের "মেজর মাইক্রোসফট অ্যানাউন্সমেন্ট" এ কি ঘোষণা দিবে সেই নিয়ে পাগল হয়ে গিয়েছে বিশ্বের প্রযুক্তি সাইটগুলো। উইন্ডোজ আরটি, মাইক্রোসফট টিভি, এক্সবক্স বা কাইনেক্ট হার্ডওয়্যার ইত্যাদি গুজবের সাথে এবার যুক্ত হয়েছে ট্যাবলেট! সিনেট এবং ম্যাশেবল সূত্রে জানা গিয়েছে অ্যাপলের আইপ্যাড ধ্বংসকারী রেটিনা ডিসপ্লে সমৃদ্ধ ট্যাবলেট নিয়ে আসতে চলেছে এই সফটওয়্যার এবং গেমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট গেমিং হার্ডওয়্যার তৈরি করলেও পিসি নির্মাণ করে না। এ ধরণের ঘোষণা সাধারণত প্রতিষ্ঠানটির ওএস ব্যবহারকারী হার্ডওয়্যার নির্মাতারাই দিয়ে থাকে। যেমন ধরুন এইচপি, ডেল, অ্যাসার ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নানা ডিজাইনে, নানা সংস্করণে ট্যাবলেট বা পিসি নির্মাণ করে থাকে। এবং এ সকল ডিভাইসের বিপণন কার্যক্রম নির্মাতা প্রতিষ্ঠানই করে থাকে।
তাহলে, এবার মাইক্রোসফট কেন হার্ডওয়্যারের ঘোষণা দিবে?
অলথিংকসডি এবং দি র্যাপ এর মতে মাইক্রোসফটের এবারের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। "দির্যাপ" মাইক্রোসফটের গোপন সূত্র এর মাধ্যমে জানতে পেরেছে মাইক্রোসফট এই সম্মেলনে সম্পূর্ণ নিজেদের তৈরি ট্যাবলেট উন্মোচন করবে এবং সরাসরি অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতা করবে।
সিনেট মনে করছে অ্যাপলের মত মাইক্রোসফট যদি সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্মাণ করা শুরু করে তাহলে সে পণ্যের উপর অধিক নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং ভালো মানের পণ্য নির্মাণ করতে পারবে।
মাইক্রোসফটের হার্ডওয়্যারগুলো কিন্তু সবসময় বেশ ভালোই হয়ে থাকে। এক্সবক্স একটি অসাধারণ গেমিং সিস্টেম, প্রতিষ্ঠানটি যদি সত্যিই ট্যাবলেট নির্মাণ শুরু করে তাহলে তার মান ভালো হবার সম্ভাবনা রয়েছে। আর নির্মাণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব মোবাইল হার্ডওয়্যার নির্মাতা নোকিয়া-ত রয়েছেই। এখন মূল্যটা শুধু অ্যাপলের মত না হলেই হয়।













