ব্যাটারি সাশ্রয়ে উইন্ডোজ এইটের জন্য নতুন স্কাইপ

(প্রিয় টেক) উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমের জন্য জনপ্রিয় ভিডিও চ্যাট সফটওয়্যার স্কাইপকে সম্পূর্ণ নতুন করে ডেভেলপ করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। এখন থেকে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলাকালীন সময় সিপিইউ ব্যবহার করবে না বলে জানিয়েছে স্কাইপ। এর ফলে ব্যাটারির স্থায়িত্বের উপর প্রভাব না ফেলেও ব্যবহারকারীরা তাৎক্ষণিক বার্তা অথবা কল রিসিভ করতে সক্ষম হবে।

ব্যবহারকারী অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে শুরু করার এক মিনিটের কম সময়ের মধ্যে নতুন স্কাইপ অ্যাপটি তার সকল কার্যক্রম বন্ধ করে দেয়। আর প্রসেসর ব্যবহার করা বন্ধ করার আগ মুহূর্তে সে উইন্ডোজ পুশ নোটিফিকেশন সার্ভিস (ডাব্লিউ এনএস) এ এই পরিবর্তন লিপিবদ্ধ করে।
অ্যাপটি এরপর আধুনিক কম্পিউটার চিপের কানেক্টেড স্ট্যান্ডবাই নামক একটি বিশেষ বৈশিষ্ট্য এর সুবিধা গ্রহণ করবে। নতুন এই সুবিধাটির মাধ্যমে কম্পিউটার বিদ্যুৎ শক্তির অপচয় না ঘটিয়ে ইনকামিং নোটিফিকেশনের প্রতি খেয়াল রাখতে পারে। ব্যবহারকারীর সাথে কেউ যোগাযোগের চেষ্টা করছে কিনা তা জানার জন্য তাদের সাথে সবসময় সংযোগ রক্ষা না করে এই পদ্ধতিতে কম্পিউটারটি প্রতি ১৫ মিলিসেকেন্ড পর পর কোন ইনকামিং কল অথবা বার্তা এসেছে কিনা তা জানার চেষ্টা করে।
ব্যবহারকারীর সাথে কেউ যোগাযোগ করতে চাইলে মাইক্রোসফটের সার্ভার তা লিপিবদ্ধ করে এবং একটি নোটিফিকেশন প্রেরণ করে, যা স্কাইপ অ্যাপকে পুনরায় চালু হবার নির্দেশ প্রদান করে।
সুবিধাটি প্রাথমিকভাবে উইন্ডোজ এইট ভিত্তিক ট্যাবলেট ও ল্যাপটপ এবং তারপর উইন্ডোজ ফোন এইট স্মার্টফোন সিস্টেমের সাথে কার্যকর করা হবে। পরবর্তীতে অন্যান্য অবকাঠামোতেও যুক্ত করা হবে বলে জানিয়েছে স্কাইপ।
প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক পিয়েরো সিয়েরা জানান প্রাথমিকভাবে স্কাইপ প্রোগ্রামটি ডেস্কটপকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। এবং যে সময় তৈরি করা হয় সেসময় ক্লাউড সেবা বলে কোন কিছু ছিল না, এবং ডেস্কটপ এর কর্মদক্ষতা প্রকাশ পেয়েছে। "কিন্তু ব্যবহারকারীরা বর্তমানে অন্যান্য মোবাইল ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে পড়ায় ব্যাটারির স্থায়িত্বকাল এখন আমাদের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।"
সিয়েরা অবশ্য জানিয়েছে নতুন এই কানেক্টেড স্ট্যান্ডবাই বৈশিষ্ট্যটির সুবিধা খুব শীঘ্রই অন্যান্য সফটওয়্যার উন্নয়নকারীরাও গ্রহণ করতে পারবে।










