২৫ অক্টোবর মধ্যরাতে আসছে উইন্ডোজ এইট

(প্রিয় টেক) ২৫ অক্টোবর মধ্যরাতে নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ এইট এবং নিজস্ব ট্যাবলেট কম্পিউটার 'সারফেস ট্যাবলেট' উন্মোচন করতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। পরদিন [২৬ অক্টোবর] সকাল থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থিত সব বিক্রয় কেন্দ্র থেকে একযোগে উভয় পণ্য বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।

টেলিগ্রাফের মতে, উইন্ডোজ ৮ হবে মাইক্রোসফটের ইতিহাসে বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে যুগান্তকারী পণ্য। জানা গেছে অবমুক্তকরণের অপেক্ষায় থাকা উইন্ডোজ এইট হবে ডুয়াল অপারেটিং সিস্টেমের সুবিধা সংম্বলিত। ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ এইট সমান পারদর্শিতা দেখাতে পারবে।
পুরোপুরি উইন্ডোজ এইট নির্ভর এই সারফেস ট্যাবলেট সহজেই অ্যাপলের আইপ্যাড এবং উইন্ডোজ ৭ চালিত যেকোনো ট্যাবলেট কম্পিউটারের বিকল্প হিসেবে বাজারে নিজের আধিপত্য করে নিতে পারবে বলে মত দিলেন বিশ্লেষকরা। পাশাপাশি সারফেস উন্মোচণের মধ্যে দিয়ে ট্যাবলেট বাণিজ্যের সবচেয়ে বড় জায়ান্ট অ্যাপল এবং গুগলের সাথে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা তৈরি করতে পারবে বলে আশাবাদী মাইক্রোসফট।
আপাতত দু’টো আলাদা মডেলের সারফেস ট্যাবলেট বাজারে আসবে। উভয় মডেলে থাকবে ১০.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে।
যদিও এখনো সারফেস ট্যাবলেটের আনুষ্ঠানিক কোনো দাম ঘোষণা করেনি মাইক্রোসফট। তবে এ বছরের শুরুর দিকে ট্যাবলেটির দাম প্রতিযোগিতা মূলক করার ইঙ্গিত দিয়ে রেখেছিলো এই টেক জায়ান্ট।













