অ্যানড্রয়েড ভিত্তিক ৫ লক্ষ অ্যাপকে উইন্ডোজ অবকাঠামোতে নিয়ে এলো এএমডি এবং ব্লুস্ট্যাক

(প্রিয় টেক) উইন্ডোজ এইট ব্যবহারকারীদের জন্য সুখবর! অ্যাপল এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীদের নানা ধরণের অ্যাপগুলোর দিকে তাকিয়ে এখন থেকে আপনাকে আর ঈর্ষার দৃষ্টিতে তাকাতে হবে না। ব্লুস্ট্যাক এবং এএমডি আপনাকে এই ঈর্ষা থেকে রক্ষা করার ব্যবস্থা নিয়েছে।

ব্লুস্ট্যাক নিয়ন্ত্রিত সফটওয়্যারটি পিসি এবং ম্যাকে অ্যানড্রয়েড ভিত্তিক ডাউনলোড এবং রান করার সুবিধা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানদ্বয় একত্রিত হয়ে এএমডি অ্যাপজোন প্লেয়ারের মাধ্যমে ৫ লক্ষ অ্যানড্রয়েড অ্যাপকে উইন্ডোজ পিসিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।
অবশ্য এএমডি এবং ব্লুস্ট্যাকের প্রধান লক্ষ্য হবে অ্যানড্রয়েড অ্যাপগুলোকে এএমডি ভিত্তিক উইন্ডোজ ডিভাইসের জন্য অপটিমাইজ করা। তবে এতে ইন্টেল ব্যবহারকারীদের দুঃখিত হবার কিছু নেই তারা ব্লুস্ট্যাকের অরিজিনাল উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করে অ্যানড্রয়েড অ্যাপগুলো ব্যবহার করতে পারবে। তবে অ্যাপজোন প্লেয়ারটি এএমডি’র জন্য বিশেষভাবে ডেভেলপ করার কারণে প্রতিষ্ঠানটির জিপিইউ এবং এপিইউ প্রযুক্তিকে অ্যাপগুলো দক্ষভাবে ব্যবহার করবে বিধায় পারফরমেন্স ভালো হবে বলে উল্লেখ করেন তারা।
ব্লুস্ট্যাকের প্রধান নির্বাহী রোজেন শর্মা বলেন, “এর মাধ্যমে এএমডি ট্যাবলেট এবং পিসিকে আরো আকর্ষণীয় করে তোলার মাধ্যমে ইন্টেলের চাইতে এগিয়ে যেতে পারবে। এএমডি’র অনন্য গ্রাফিক্স এবং কম্পিউটিং চিপের সাথে যেন দক্ষ ভাবে কাজ করে সে জন্য আমরা একসাথে নিরলসভাবে কাজ করেছি। ফলাফল অসাধারণ – মোবাইল অ্যাপগুলো তাদের মেশিনে দক্ষতার সাথে রান করে।”
অ্যাপজোন প্লেয়ার উইন্ডোজ এইটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে সক্ষম হবে বলে ধারণা করা যাচ্ছে। বিশেষ করে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার বর্তমানে যখন নতুন এই অবকাঠামোটিকে ডেভেলপারদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে সে সময় এ ধরণের সাহায্য উইন্ডোজকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ফ্লিপবোর্ড, হোমরান বেজবল এবং জেটপ্যাক জয়রাইড এর মত অ্যাপগুলো এএমডি ভিত্তিক উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ এইট ডিভাইসগুলোর জন্য পাওয়া যাবে। যদিও আজ পর্যন্ত পিসি নির্মাতারা যে সকল ডিভাইস বের করার ঘোষণা দিয়েছে তার সবগুলোই প্রায় ইন্টেল চিপসেট ভিত্তিক নোটবুক এবং ট্যাবলেট। তবে ব্লুস্ট্যাক জানিয়েছে প্রতিষ্ঠান দুইটি ইতোমধ্যে বিভিন্ন পিসি নির্মাতার সাথে যোগাযোগ করেছে এবং এইচপি’র মত নির্মাতা তাদের এএমডি ভিত্তিক ডিভাইসে অ্যাপজোন প্রিলোড অবস্থায় দিবে বলে জানিয়েছে।













