বাগ ফিক্স ও নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে এলো ফায়ারফক্স ১৫

(প্রিয় টেক) মজিলা ফায়ারফক্স সম্প্রতি নতুন সংস্করণ ফায়ারফক্স ১৫ অবমুক্ত করেছে। নতুন এই সংস্করণে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য দেয়া ও বাগ ফিক্স করা হয়েছে। একইসঙ্গে পিসি, ম্যাক, স্মার্টফোন ও ট্যাবলেটের জন্যই এই আপডেট অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মজিলা।

ফায়ারফক্স ১৫-এ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি রয়েছে তা হলো মেমোরি লিকের সমাধান। মেমোরি লিক মূলত কম্পিউটারের র্যাম বেশি ব্যবহার করার একটি সমস্যা। আগের কয়েকটি সংস্করণে ফায়ারফক্সের কোনো অ্যাড-অন যখন কাজের জন্য কম্পিউটারের মেমোরি বা র্যামে জায়গা নিতো, তখন কাজ শেষে সেই জায়গাটি আর খালি করতে পারতো না। ফলে একাধিক অ্যাড-অন একসঙ্গে মেমোরি খরচ করতে থাকায় ফায়ারফক্স ও সেইসঙ্গে কম্পিউটারই ধীরগতির হয়ে যেত, যার একমাত্র সমাধান ছিল ফায়ারফক্স রিস্টার্ট করা।
ফায়ারফক্স ১৫-এ এই সমস্যার সমাধান করা হয়েছে। ফলে, কম্পিউটার বা ব্রাউজার কোনোটাই আর ধীরগতির হবে না বলে আশা করা হচ্ছে।
ফায়ারফক্স ১৫-এ যোগ করা হয়েছে স্বয়ংক্রিয় আপডেট সুবিধা। ফায়ারফক্স ১৪.১ পর্যন্ত আপডেট করার জন্য ব্যবহারকারীদের জানান দিতো ফায়ারফক্স। কিন্তু এখন থেকে নতুন সংস্করণ মুক্তি পাওয়ামাত্রই ব্যবহারকারীকে কিছু না জানিয়ে আপডেট ডাউনলোড করতে শুরু করবে। পরেরবার ব্রাউজার রিস্টার্ট করার সময় নতুন সংস্করণটি ইন্সটল হয়ে চালু হবে। এর আগে গুগল ক্রোম ব্রাউজারটি এই পদ্ধতি চালু করে ফলে ব্যবহারকারীর অজান্তেই ক্রোম ব্রাউজার সবসময়ই থাকছে সর্বশেষ সংস্করণে।
ফায়ারফক্সে পিডিএফ রেডারও যোগ করা হয়েছে। এতে করে ব্যবহারকারীর কম্পিউটারে অ্যাডোবি রেডারের মতো কোনো পিডিএফ রেডার সফটওয়্যার না থাকলে ফায়ারফক্সের মাধ্যমেই পিডিএফ ফাইল খুলতে ও পড়তে পারবেন।


মোবাইল ও ট্যাবলেটের জন্য ফায়ারফক্স ১৫ পেয়েছে একটি সম্পূর্ণ নতুন চেহারা। ব্যবহারকারীরা আরও সহজে নতুন এই লেআউটের ব্রাউজারে নেভিগেট করতে পারবেন বলে আশা করছে মজিলা। অন্যদিকে ডেস্কটপ সংস্করণে ওপেনজিএল সাপোর্ট আরও উন্নত করা হয়েছে। ব্যবহারকারীরা নতুন ওপেনজিএল প্রযুক্তির স্বাদ পেতে পারেন ফায়ারফক্স ১৫ থেকে এই সাইট ভিজিট করলে। আর যদি ওপেনজিএল ব্যবহার না করে থাকেন, তাহলে নিচের ভিডিওতে দেখতে পাবেন ওপেনজিএল ব্রাউজারেই কী আনতে পারে।
বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ফায়ারফক্সের অ্যাবাউট মেনু থেকে ফায়ারফক্স আপডেট করতে পারবেন। তবে চাইলে ডাউনলোড করেও নতুন করে আপডেট করতে পারবেন আপনার কম্পিউটারে থাকা ফায়ারফক্স। উল্লেখ্য, এতে আপনার ব্রাউজার হিস্ট্রি, ক্যাশ বা কুকি সব অপরিবর্তিত থাকবে।
মজিলা ফায়ারফক্স ১৫ ডাউনলোড করুন এখান থেকেঃ উইন্ডোজ, ম্যাক, লিনাক্স।













