তিন মাসের ট্রায়াল হিসেবে মুক্তি পেলো উইন্ডোজ ৮

(প্রিয় টেক) ২৬শে অক্টোবরের আগে আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৮ মুক্তি পাচ্ছে না এ ব্যাপারে এখন সবাই নিশ্চিত। মা্ইক্রোসফটের উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি আনুষ্ঠানিকভাবেই বিষয়টি জানিয়েছেন। কিন্তু এ মাসের শুরুতে মাইক্রোসফট কম্পিউটার প্রস্তুতকারকদের জন্য উইন্ডোজ ৮-এর একটি সংস্করণ প্রকাশ করে। আর গত বুধবার সব ধরনের ব্যবহারকারীর জন্যই উন্মুক্ত করা হলো উইন্ডোজ ৮-এর সবচেয়ে পলিশড সংস্করণ।

তবে ভোক্তাদের নতুন উইন্ডোজটি চেখে দেখার সুযোগ কেবল ৯০ দিন বা তিন মাসের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে মাইক্রোসফট। যে কেউই উইন্ডোজ ৮-এর সর্বশেষ বিল্ড সংস্করণটি এখান থেকে ডাউনলোড করে টানা তিন মাস ব্যবহার করতে পারবেন। এতে উইন্ডোজ ৮-এর বিভিন্ন সুবিধা, নতুন ইন্টারফেস, সফটওয়্যার কমপ্যাটিবিলিটি ইত্যাদি ঘেঁটে দেখা যাবে। তবে মাইক্রোসফট এটি কেবল ভার্চুয়াল বক্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কম্পিউটারে আলাদা হার্ডডিস্ক পার্টিশনে ইন্সটল করার পরামর্শ দিয়েছে। কেননা, কারো উইন্ডোজ ৮ কেনার ইচ্ছে থাকলেও বিনামূল্যে ডাউনলোডযোগ্য এই সংস্করণটি সরাসরি আপগ্রেড করা যাবে না। তাই নতুন করে আবার উইন্ডোজ ৮ ইন্সটল করতে হবে যদি উইন্ডোজ ৮ ব্যবহারের সিদ্ধান্ত নেন কেউ।
উল্লেখ্য, ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি বর্তমান ট্রেন্ড ট্যাবলেট ডিভাইসের জন্যও আসছে উইন্ডোজ ৮-এর বিশেষ সংস্করণ যার নাম উইন্ডোজ আরটি। অনেকেই একে উইন্ডোজ মেট্রো ইন্টারফেস বলে চিনে থাকলেও মাইক্রোসফট আইনি জটিলতা এড়াতে মেট্রো বাদ দিয়ে উইন্ডোজ আরটি নামটিই বেছে নিয়েছে। এখানে আরটি অক্ষরদ্বয় রানটাইম এর সংক্ষিপ্ত বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
উইন্ডোজ এইট ডাউনলোড করুন এখান থেকে।














