উইন্ডোজ এইটের মেট্রো নামটি পরিবর্তন করছে মাইক্রোসফট

PriyoTech's picture

(প্রিয় টেক) মেট্রো নামটি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে মাইক্রোসফট। সম্ভাব্য ট্রেডমার্ক বিতর্ক এড়ানোর জন্য প্রতিষ্ঠানটি তার নতুন অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসটির নাম "মেট্রো' থেকে বদলে ফেলতে বাধ্য হচ্ছে। প্রযুক্তি সাইট ভার্জ মাইক্রোসফটের এক আভ্যন্তরীণ মেমোর সূত্র ধরে ব্যাপারটির নিশ্চয়তা প্রদান করেছে।

প্রতিষ্ঠানটি ইউরোপীয়ের মূল্যবান এক অংশীদারের সাথে আলোচনা সম্পাদনের পর মেট্রো নামটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে ইতোমধ্যে ডেভেলপার এবং কর্মীদেরকে নির্দেশ দিয়েছে।

ধারণা করা হচ্ছে ইউরোপের এই অংশীদারটি জার্মানির খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মেট্রো এজি। তবে এ ব্যাপারে ভার্জ এজির সাথে যোগাযোগ করলে তারা "বাজারে প্রচলিত গুজব সম্পর্কে কোন মন্তব্য করে না" বলে উল্লেখ করেছে।

ভার্জ এ ব্যাপারে মাইক্রোসফটের সাথে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির মুখপাত্র "মেট্রো স্টাইল" নামটি বাদ দেবার কথা স্বীকার করে নিয়ে বলেন "আমরা সফটওয়্যারটি ডেভেলপমেন্টের সময় কোড নাম হিসেবে এটি ব্যবহার করেছি। এখন যখন আমরা একে উন্মুক্ত করতে চলেছি তখন কোড নাম বাদ দিয়ে বাণিজ্যিক নাম ব্যবহার করা হবে"।

তবে সম্ভাব্য ট্রেডমার্ক সমস্যার কারণে নামটি বদল করা হয়েছে কিনা সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি মাইক্রোসফট।

অবশ্য মেট্রোর পরিবর্তে কী নাম দেওয়া হবে, সে বিষয়টি এখনো নির্ধারণ করেনি মাইক্রোসফট। তবে এই সপ্তাহের মধ্যেই নতুন নামটি ঘোষণা দেয়া হবে বলে উল্লেখ করা হয় আভ্যন্তরীণ মেমোতে। আপাতত নাম হিসেবে মেট্রোর পরিবর্তে `উইন্ডোজ ৮ স্টাইল ইউআই' ব্যবহার করতে বলেছে মাইক্রোসফট।