ফেসবুকে স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বুয়েট শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বুয়েট শিক্ষক হাফিজুর রহমান রানার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক শুনানি শেষে তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগ গঠন করেন। আদালত একই সঙ্গে আগামী ১৪ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
শুনানি চলাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতে তাঁকে অভিযোগ পড়ে শোনানো হলে হাফিজুর রহমান নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে গত ১৯ জুন হাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ আপত্তিকর মন্তব্য করা হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে গত ২৩ এপ্রিল জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন।
গত ২৪ এপ্রিল ওই সাধারণ ডায়েরির বিষয়ে পরিদর্শক বিপ্লব কিশোর শীল তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত বিষয়টি স্পর্শকাতর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ৪৮ ঘণ্টা পরপর আদালতে এ ব্যাপারে তদন্ত করে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
শাহবাগ থানা থেকে অভিযোগটি তদন্তের জন্য গত ২৫ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সাইবার) বরাবরে পাঠানো হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গত ১৭ জুন শাহবাগ থানার পরিদর্শক বিপ্লব কিশোর শীল একটি নন-এফআইআর মামলা দায়ের করেন। পরদিন ১৮ জুন তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় হাফিজুর রহমান রানার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ১৯ জুন আদালত তা গ্রহণ করে হাফিজুর রহমান রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বুয়েট শিক্ষক হাফিজুর রহমান বর্তমানে জামিনে রয়েছেন। গত ১৪ আগস্ট তিনি হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে হাইকোর্ট তাঁর আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন এবং একই সঙ্গে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। আট সপ্তাহের জামিনের মেয়াদের শেষ দিন গত ১৮ সেপ্টেম্বর তিনি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
সৌজন্যে: দৈনিক কালের কন্ঠ










