ফেসবুকের বিরুদ্ধে মামলার হুমকি জার্মান গ্রুপের

(প্রিয় টেক) সম্প্রতি জার্মানীর এক কনজিউমার গ্রুপ ফেডারেশন অফ জার্মান কনজিউমার অর্গানাইজেশনস জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে ফেসবুক যদি তৃতীয়পক্ষের অ্যাপ্লিকেশনের কাছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দেয়া বন্ধ না করে, তাহলে তারা সোশাল মিডিয়াটির বিরুদ্ধে মামলা করবে।

ফেসবুক সবসময়ই ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপ্লিকেশন ও গেমস ব্যবহারে উদ্বুদ্ধ করেছে। সম্প্রতি ফেসবুক অ্যাপ সেন্টার উন্মুক্ত হওয়ার পর ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যাদি নিরাপদ করার বদলে আরও হুমকির মুখে ফেলেছে ফেসবুক, এমনটাই দাবি করেছে গ্রুপটি। তাদের মতে, ব্যবহারকারী তাদের ব্যক্তিগত তথ্য সেসব অ্যাপ্লিকেশনের সঙ্গে শেয়ার করতে চান কি না এই প্রশ্ন না করে ফেসবুক "প্লে গেম" বা "সেন্ড টু ফোন" ইত্যাদি বাটন ব্যবহার করছে।
ফেসবুক মূলত কোনো অ্যাপ্লিকেশন প্রথমবার ব্যবহার করার সময় ব্যবহারকারীদের জানিয়ে থাকে সেই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে কী কী তথ্য শেয়ার করতে হবে। এসব তথ্যের মধ্যে সাধারণত থাকে চ্যাট, বন্ধুদের সম্পর্কিত তথ্য, ব্যক্তিগত প্রোফাইলে থাকা তথ্য ইত্যাদি। তবে এই বিষয়টি ফেসবুক হালকা রঙের ছোট ছোট অক্ষরে লিখে থাকে যা অনেক ব্যবহারকারীর দৃষ্টি এড়ানোটাই স্বাভাবিক।
জার্মানীর আইন অনুযায়ী, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয়পক্ষের কারো কাছে দেয়ার আগে সেই ব্যবহারকারীকে স্পষ্টভাবে জানাতে হবে। ফেডারেশনের অভিযোগ মতে, ফেসবুক তা করছে না। আর তাই সোমবারের মধ্যে এই সেটিংসে পরিবর্তন না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে তারা।










