এখন থেকে সত্যিই ছবি মুছবে ফেসবুক

(প্রিয় টেক) ফেসবুক বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট। এর অনেক বৈশিষ্ট্যই প্রশংসনীয় হলেও এর সমালোচনার দিকও মোটেই কম নয়। তার মধ্যে গত তিন বছর ধরে একটি বিষয়ে ফেসবুক সবসময়ই সমালোচিত থেকেছে। আর সেটি হলো ছবি মুছে দেয়া। কোনো ব্যবহারকারী কোনো ছবি আপলোড করার পর তা মুছে ফেললেও ফেসবুক বছরের পর বছর তা তাদের সার্ভারে রেখে দিতো। তবে সম্প্রতি ফেসবুক সত্যি সত্যিই ছবি মুছে দেয়া শুরু করেছে বলে জানা গেছে।

আর্স টেকনিকা নামের একটি সাইটের লেখিকা জ্যাকুই চেং ২০০৯ সাল থেকে এই বিষয়ে মাথা ঘামিয়ে আসছেন। তিনি দেখেছেন, ইন্টারনেটে টুইটার বা ফ্লিকারের মতো সাইটগুলোয় ছবি আপলোডের পর তা মুছে ফেললে সার্ভার থেকে তৎক্ষণাতই মুছে যাচ্ছে ছবিটি। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে তা বছর পার হয়ে গেলেও সার্ভারে থেকে যাচ্ছে ছবিটি।
এই পরীক্ষাটি করার জন্য একটি সরল প্রক্রিয়া অবলম্বন করেছেন জ্যাকুই। তিনি ছবি আপলোড করার পর তার ডাইরেক্ট লিংক কপি করে রেখেছেন এবং ছবিটি মুছে দিয়ে সেই লিংকটিতে প্রবেশ করার চেষ্টা করেছেন। এতেই তিনি দেখেছেন ফ্লিকার বা টুইটার সঙ্গে সঙ্গে মুছে দেয়, মাইস্পেস কয়েক মাস সময় নেয় অথচ ফেসবুক কয়ে বছরও সময় নিয়েছিল। এই ব্যাপারে ফেসবুক আর্স টেকনিকাকে জানিয়েছিল, তারা শিগগিরই নতুন সার্ভারে স্থানান্তরিত হতে যাচ্ছে যার পর এই সমস্যা আর থাকবে না।
অবশেষে সম্প্রতি আর্স টেকনিকায় জ্যাকুই জানিয়েছেন, ফেসবুক সত্যিই তুলনামূলকভাবে দ্রুত ছবি মুছতে শুরু করেছে। তিনি লিখেছেন, ছবি মুছে দেয়ার দুইদিন পরই সার্ভারে আর সেটি পাওয়া যাচ্ছে না। তার পাঠকরাও মন্তব্যের ঘরে একই ফলাফলের কথা জানিয়েছেন। তবে ফেসবুক জানিয়েছে, ছবি মুছে ফেলতে সর্বোচ্চ ৩০ দিন লাগতে পারে।
কেন এর আগে ছবিগুলো মুছে যেত না এ ব্যাপারে ফেসবুক জানিয়েছে, ছবি আপলোড করার পর তা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে সংরক্ষিত হতো। কিন্তু তা মুছে ফেলার পর ফেসবুক সাইট থেকে ছবিটি সবসময়ের জন্য সরে গেলেও একটি লম্বা সময়ের জন্য সার্ভারে ছবিগুলো থেকে যেত। কারিগরী সমস্যার কারণেই এগুলো মুছে ফেলা সম্ভব হচ্ছিল না। অবশেষে গত ফেব্রুয়ারিতে নতুন সার্ভার ইন্সটল করার পর এখন ৩০ দিনের মধ্যেই সার্ভার থেকে ছবি মুছে ফেলবে ফেসবুক।














Comments
ভালো হবে
অনেক সময় মানুষ এমন কিছু ছবি আপলোড করে যার জন্য প্রাইভেসি তে অনেক সমস্যা হয় , কিন্তু ডিলেট করার পর ও তা দেখে জায় । আসা করি এই পরিকল্পনার জন্য কিছুটা হলেও তাদের ভালো হবে । যেমন আমার সাথে ঘটেছিলো একবার :(
Find WordPress Tutorial , Blogger Tutorial , HTML Tutorial , cPanel Tutorial , SEO Tutorial and so on
Techshor.com