ফটো ম্যাপের সুবিধা যুক্ত হল ইনস্টাগ্রাম ৩.০'এ

PriyoTech's picture

(প্রিয় টেক) জনপ্রিয় ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপ্লিকেশনটির নতুন ম্যাপিং বৈশিষ্ট্য ব্যবহার করে ছবিগুলোকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাজাতে পারবে এবং ঠিক কোন স্থানে ছবিগুলো তোলা হয়েছে তা মানচিত্রের মাধ্যমে দেখাতে পারবে।

অ্যাপ্লিকেশনের নতুন এই বৈশিষ্ট্য সহ আরো কিছু পরিবর্তন এর মাধ্যমে আইওএস এবং অ্যানড্রয়েডের জন্য নতুন সংস্করণ ৩.০ আজই বের করেছে ইনস্টাগ্রাম। তবে কেউ যদি সুবিধাটি ব্যবহার করতে না চায় তার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রথমবার ব্যবহারের সময় ব্যবহারকারীরা ইতোমধ্যে আপলোডকৃত ছবিগুলোর মধ্যে যে সকল ছবিতে ভৌগোলিক অবস্থান সম্পর্কিত তথ্য আগে থেকেই দেয়া হয়েছিল সেগুলোর মধ্যে কোনগুলো মানচিত্রে দেখানো হবে তা নির্ধারণ করতে পারবেন। এরপর ব্যবহারকারী যতবার নতুন ছবি আপলোড করবে ততবার এই অপশনটি অন বা অফ করতে পারবেন। এছাড়া ছবির ভৌগোলিক অবস্থান সম্পর্কিত তথ্য যে কোন সময় মুছে ফেলতে পারবে ব্যবহারকারী।

অন্যান্য উন্নয়নের মধ্যে রয়েছে ক্যাপশনের জন্য আরো বড় টেক্সট বক্স, গ্রিডের ছবিগুলো আরো বড় এবং অন্যদের মন্তব্যগুলোকে দ্রুত আপত্তিকর বা স্প্যাম হিসেবে রিপোর্ট করার প্রক্রিয়া। এছাড়া অ্যাপলিকেশনটি আরো দ্রুত এবং আরো প্রতিক্রিয়াশীল হবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

আপডেটটি অ্যাপস্টোর এবং গুগল প্লে থেকে ডাউনলোড করা যাচ্ছে।

অ্যাপস্টোর