অ্যানড্রয়েডে টুইটার ক্লায়েন্ট কার্বন আসছে এ মাসেই

কার্বন হচ্ছে একটি টুইটার ক্লায়েন্ট যার মাধ্যমে টুইটার ব্যবহার করা যায়। এই তৃতীয় পক্ষের টুইটার অ্যাপ্লিকেশনটি প্রথম ওয়েবওএস-এর জন্য মুক্তি দেয়া হয়। এরপর এ বছরের শুরুতে উইন্ডোজ ফোনেও রিলিজ পায় কার্বন। এবার অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এ মাসেই অবমুক্ত হতে যাচ্ছে কার্বন।

সামাজিক যোগাযোগের অবকাঠামো গুগল প্লাসের মাধ্যমে কার্বন-এর ডেভেলপার ডটস অ্যান্ড লাইনস জানিয়েছেন, হলো-থিমের এই টুইটার ক্লায়েন্টটি অ্যানড্রয়েড অ্যাপ স্টোর গুগল প্লে-তে জুলাইয়ের ২২ তারিখে দেয়া হবে।
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের সবচেয়ে খুশির বিষয় হচ্ছে, বিনামূল্যেই ডাউনলোড করে ব্যবহার করা যাবে কার্বন। ওয়েবওএস এবং উইন্ডোজ ফোনে এই অ্যাপ্লিকেশন টাকা দিয়ে কিনতে হলেও অ্যানড্রয়েডের জন্য বিনামূল্যেই দিতে বাধ্য হচ্ছেন ডেভেলপাররা। এর কারণ হিসেবে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত থেকে মূল্যের বিনিময়ে অ্যাপ্লিকেশন সুবিধাটি এখনো সমর্থন করে না গুগল। সর্বশেষ গুগল আই/ও-তে আরব আমিরাতকে সমর্থিত দেশ হিসেবে ঘোষণা করা হবে এমন আশা নিয়ে ডেভেলপাররা বসে থাকলেও তা আর পূরণ হয়নি। তাই বাধ্য হয়ে বিনামূল্যেই ব্যবহারকারীদের কাছে এই টুইটার ব্যবহার করার অ্যাপ্লিকেশন পৌঁছে দিচ্ছে ডটস অ্যান্ড লাইনস।
প্রসঙ্গত, টুইটারের নিজস্ব অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে যাকে অনেকেই সবচেয়ে সহজ ও দ্রুত টুইটার ক্লায়েন্ট বলে মন্তব্য করেছেন। এটি ব্যবহার করে ঠিক ওয়েবের মতোই ইন্টারফেস পাওয়া যায় যার ফলে ব্যবহারকারীদের নতুন করে অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ করে তা শিখতে হয় না।










