ফেসবুক পেজের টাইমলাইন সক্রিয় হচ্ছে মোবাইলেও

টাইমলাইন লেআউট ফেসবুকের বিভিন্ন পেজে অনেক আগেই চালু করে ফেসবুক। এর ফলে একটি বড় কভার ছবি এবং তার নিচে সময়ের ক্রমানুসারে বিভিন্ন আপডেট, স্টোরি এবং ছবি দেখা যায়। একই লেআউট প্রথমে ফেসবুক প্রোফাইলের জন্য তৈরি করা হলেও পরবর্তীতে সব পেজগুলোতেও স্বয়ংক্রিয়ভাবে টাইমলাইন চালু করে ফেসবুক।
তবে পেজে টাইমলাইন চালু করা হলেও মোবাইল ওয়েবসাইট থেকে এতোদিন পর্যন্ত ফেসবুক পেজের পুরনো ডিজাইনই দেখা যেত। সম্প্রতি ফেসবুক মোবাইল ডিভাইসের ভিজিটরদের জন্যও মোবাইল-বান্ধব টাইমলাইন চালু করতে শুরু করেছে।

নতুন এই মোবাইল টাইমলাইনে ব্র্যান্ড বা পেজের নামের ঠিক নিচেই যোগ করা হয়েছে 'About' সেকশন থেকে পেজ সংক্রান্ত প্রাথমিক তথ্য। এর ঠিক নিচেই দেয়া হয়েছে বড় একটি লাইক বাটন যা স্ক্রিনের পুরোটা জুড়ে দেখা যাবে। এতে করে ব্যবহারকারীরা ছোট আকারের ডিভাইসেও সহজেই লাইক বাটনে ট্যাপ বা ক্লিক করে পেজের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
এছাড়াও আগের ওয়াল, ইনফো, ফটো ইত্যাদি আলাদা আলাদা ট্যাব ভিউ-এর পরিবর্তে ঠিক কম্পিউটারে যেমন দেখা যায় তেমনই চারকোণা টাইল যোগ করা হয়েছে যেখানে এক নজরে পেজটি কতজন লাইক করেন এবং এর সবশেষ আপলোড করা ছবিটি দেখা যাবে। এক কথায়, পুরো কম্পিউটার ব্রাউজিং-এর অভিজ্ঞতাকেই ছোট আকৃতির মোবাইলের মধ্যে নিয়ে এসেছে ফেসবুক। ফলে, ব্যবহারকারী কম্পিউটারেই থাকুক আর মোবাইলেই থাকুক, তার ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা সবসময় থাকবে ঠিক একইরকম।











