প্রাপ্তবয়স্কদের টুইটার অ্যাকাউন্ট ফলো করতে প্রয়োজন হবে এজ ভেরিফিকেশন

বাডি মিডিয়া নামের এক কোম্পানি সম্প্রতি টুইটারের সঙ্গে নতুন এক প্রযুক্তি চালু করেছে। এর মাধ্যমে 'প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য' এ জাতীয় ব্র্যান্ডগুলোকে টুইটারে ফলো করতে হলে ব্যবহারকারীদের তাদের বয়স নিশ্চিত করতে হবে।
প্রাথমিকভাবে কয়েকটি অ্যালকোহল ব্র্যান্ডের টুইটার অ্যাকাউন্টে এই পদ্ধতি যোগ করা হয়েছে। তবে বাডি মিডিয়া জানিয়েছে, যে কোনো ব্র্যান্ডের অ্যাকাউন্টেই এই সুবিধা যোগ করা যাবে যাদের টুইট করা সামগ্রী কেবল প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। এর ফলে যে কেউ সেসব অ্যাকাউন্ট ফলো করতে চাইলে তাকে আগে তার বয়স নিশ্চিত করতে হবে।
তবে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট-এর মতে, এই সুবিধা চালু হওয়ার ফলে অভিভাবকদের নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। কেননা, বয়স পরীক্ষা পদ্ধতিতে ব্যবহারকারীদের তাদের জন্মতারিখ দিতে হয়। আর ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো যে কোনো তারিখ দিতে পারবেন। ফলে, প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও চাইলেও যে কেউ এই পদ্ধতিকে ধোঁকা দিতে পারবেন।
এছাড়াও এসব অ্যাকাউন্ট থেকে পাঠানো সব টুইট কোনো এজ ভেরিফিকেশন ছাড়াই দেখা যায়। কেবল ফলো করতে গেলেই ব্যবহারকারীদের এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়।
বাডি মিডিয়ার কোম্পানি ব্লগে জানানো হয়েছে, বিশ্বের যে কোনো ব্র্যান্ড যে কোনো দেশের জন্য উপযুক্ত বয়সসীমা নির্ধারণ করে দিতে পারবেন। এতে করে নির্দিষ্ট বয়সসীমার নিচে হলে সেই ব্যবহারকারী টুইটারে অ্যাকাউন্টটি ফলো করতে পারবেন না। তবে একবার কোনো অ্যাকাউন্ট ফলো করার সময় বয়স দিয়ে দিলে পরবর্তীতে ঠিক সেই বয়সসীমার অন্যান্য অ্যাকাউন্ট ফলো করার জন্য দ্বিতীয়বার বয়স দেয়ার প্রয়োজন হবে না বলেও বাডি মিডিয়ার ব্লগে বলা হয়েছে।













