ফেসবুকের "পে টু প্রমোট" টুল

PriyoTech's picture

(প্রিয় টেক) নতুন কিছু করতে চাইছেন, ফেসবুকের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী। চাইছেন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের সাইটটি যেন আপনার পদক্ষেপ বা স্ট্যাটাসটিকে সকলের সামনে তুলে ধরে। আপনার জন্য সুখবর, এরকম একটি পদ্ধতি শীঘ্রই ফেসবুক চালু করতে চলেছে। তবে, এর জন্য অল্প কিছু পয়সা খরচ করতে হবে আপনাকে। আর বিনিময়ে ফেসবুক আপনাকে দিচ্ছে বন্ধু, পরিবার এবং সহকর্মীদের কাছে বার্তা পাঠানোর নিশ্চয়তা। নতুন এই উদ্যোগটি পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ডে চালু করা হয়েছে।

ব্যবহারকারীরা তাদের কোন তথ্য দৃষ্টিগোচর করার জন্য খরচ করতে আগ্রহী কিনা সেটা জানাই ফেসবুকের প্রধান লক্ষ্য।

নিউজিল্যান্ডের সংবাদ ম্যাগাজিন 'স্টাফ' জানিয়েছে, ফেসবুকের নতুন এই উদ্যোগ "পে টু প্রমোট" আবিষ্কার করেছে ওয়াংগ্যারি অঞ্চলের এক ব্যবহারকারী। ব্যাপারটাকে প্রথমে সে প্রতারণা হিসেবে মনে করে। ফেসবুকের মুখপাত্রের কাছ থেকে প্রস্তাবটির সত্যতা নিশ্চিত করতে পেরেছে বলে বিবিসি সংবাদ প্রকাশ করেছে।

মুখপাত্র বিবিসিকে জানিয়েছে যে প্রতিনিয়ত সাইটে তারা নতুন কোন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছে। এভাবে ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে কোন কিছু শেয়ার করতে আগ্রহী কিনা সেটা বের করাই এই পরীক্ষার লক্ষ্য।

দৃষ্টিগোচর করার জন্য একাধিক পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে। পদ্ধতি অনুযায়ী মূল্যের তারতম্য ঘটবে। পরীক্ষামূলক ভাবে মূল্য শুরু হয়ে ২৫পি থেকে এবং সর্বোচ্চ মূল্য £১.২৫ ($২) নির্ধারণ করা হয়েছে। পেপ্যাল বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই মূল্য প্রদান করা যাবে বলে জানিয়েছে ফেসবুক। তবে এর মাঝে কিছু পদ্ধতি বিনামূল্যেও দেয়া হবে বলে জানা গিয়েছে। তবে, এই কার্যক্রম কবে শেষ হবে বা অন্য অঞ্চলগুলোতে কবে থেকে শুরু হবে সে ব্যাপারে কোন তথ্য দিতে রাজি হননি মুখপাত্রটি।