নিরাপত্তা দুর্বলতার কারণে জাভা সমর্থন তুলে নিচ্ছে অ্যাপল

(প্রিয় টেক) এক সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপল তার ম্যাক ওএস এর ব্রাউজার থেকে ওরাকলের জাভা সফটওয়্যারের পুরনো সংস্করণ মুছে ফেলার উদ্যোগ গ্রহণ করেছে।

প্রতিষ্ঠানটি তার সাপোর্ট সাইটের মাধ্যমে ব্যবহারকারীদেরকে জাভা ব্যবহার করতে হলে ওরাকলের সাইট থেকে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নেবার অনুরোধ জানিয়েছে।
ঠিক কি কারণে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে কোন তথ্য প্রতিষ্ঠানটি পেশ করে নি। এবং উভয় প্রতিষ্ঠান মন্তব্য প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে।
বছর দুই আগে উভয় প্রতিষ্ঠান বলে, অ্যাপল যে কোন দিন ম্যাক গ্রাহকদের জন্য জাভা সুবিধা প্রদান করা বন্ধ করে দিবে এবং এর পর থেকে ওরাকল এই দায়িত্বভার গ্রহণ করবে। তবে সিদ্ধান্ত কবে থেকে কার্যকরী করা হবে সে বিষয়ক কোন তথ্য সে সময় দেয়া হয় নি।
জাভায় নিরাপত্তা সমস্যা দেখা দেয়ায়, এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রয়োজন না হলে এই সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ অ্যাপলকে জাভা মুছে ফেলার সিদ্ধান্ত কার্যকর করতে উদ্বুদ্ধ করেছে বলে মনে করা হচ্ছে।
গত অগাস্টে ইউরোপীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা জাভা দুর্বলতা আবিষ্কার করে যা ব্যবহার করে হ্যাকাররা আক্রমণ পরিচালনা করে আসছিল। জাভার এই দুর্বলতা দূর করতে ওরাকলের বেশ কিছুদিন লেগে যায়। এর পরে জাভায় আরো দুইটি দুর্বলতা আবিষ্কার করে নিরাপত্তা বিশেষজ্ঞেরা।
ম্যাক ওএস থেকে জাভা আনইনস্টল করার মাধ্যমে অ্যাপল আক্রমণের হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।













