ভারতের সাইবার নিরাপত্তায় আসছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ

(প্রিয় টেক) সাইবার নিরাপত্তা এখন উন্নত দেশগুলোর মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারত সরকার সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নেবার কথা ভাবছিল। এ ব্যাপারে সুনির্দিষ্ট পরামর্শের জন্য কাজ করছিল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। তারা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমলে এনেছেন।
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের কথা ভাবছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাইবার নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব বলে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞরা ধারনা করছেন। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তার একটি দুর্ভেদ্য ইকোসিস্টেম তৈরির কথা ভাবছে। সাইবার নিরাপত্তা নিয়ে স্থায়িভাবে কাজ করার মত প্রতিষ্ঠান, সাইবার সিকিউরিটি প্রোডাক্ট উন্নয়ন ও রিসার্চের কথাও ভেবে দেখা হচ্ছে।
ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শিভ শঙ্কর মেনন, প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের মাধ্যমে সাইবার নিরাপত্তার একটি স্থায়ী সমাধান হতে পারে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সাইবার সমস্যা মোকাবেলার জন্য কারিগরি দক্ষতা উন্নয়নের দিকে বিশেষভাবে জোর দেওয়া দরকার। তিনি আরও বলেন বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সমস্যা সমাধানে ইন্ডিয়া অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কর্তৃক দেওয়া নির্দেশনার মধ্যে আরও উল্লেখযোগ্য হল- আইন প্রয়োগকারী সংস্থাকে সাইবার ক্রাইম মোকাবেলায় প্রশিক্ষিত করে তোলা, সাইবার নিরাপত্তা বিসয়ে জনগণকে সচেতন করে তোলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য শেয়ার ও বিশ্লেষণের জন্য আলাদা আলাদা অবকাঠামো নির্মাণের প্রতিও জোর দেওয়া হয়।













