পেনড্রাইভ ব্যবহারে বিঘ্নিত হচ্ছে সামরিক নিরাপত্তা!

(প্রিয় টেক) তথ্য আদান-প্রদানে পেনড্রাইভের ব্যবহার প্রতিরক্ষা বাহিনীর সাইবার নিরাপত্তাকে হুমকির মুখোমুখি করছে বলে দাবি করলো ভারতের সামরিক বাহিনী। একজন সেনা কর্মকর্তা জানান এ মুহূর্তে পেনড্রাইভ ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা আরোপ থাকলেও ৭০ শতাংশ নিরাপত্তা ভঙ্গের পেছনে পেনড্রাইভের হাত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হ্যাকারদের কবল থেকে স্পর্শকাতর সামরিক নেটওয়ার্ক নিরাপদ রাখতে সম্প্রতি কঠোর সামরিক নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে সামরিক সদর দপ্তর।
সম্প্রতি বেশ কিছু কর্মকর্তার ব্যক্তিগত কম্পিউটার থেকে এ ধরণের তথ্য চুরির প্রমাণও মিলেছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে মূলত যখন কর্মকর্তারা অফিসিয়াল তথ্য তাদের ব্যক্তিগত কম্পিউটারে রাখার জন্য পেনড্রাইভ ব্যবহার করে তখন পেনড্রাইভগুলোর মাঝে থাকা ক্ষতিকারক ভাইরাস হ্যাকারের কাছে ব্যক্তিগত পিসির আইপি ঠিকানা পাঠিয়ে দেয়। এতে করে স্পর্শকাতর তথ্যগুলো সহজেই চলে যাচ্ছে সাইবার অপরাধীদের হাতে।
আইএএফ তার কর্মকর্তাদেরকে কোন দাপ্তরিক তথ্য ব্যক্তিগত কম্পিউটার এবং পেন ড্রাইভে রাখতে নিষেধ করেছে। এছাড়া কর্মকর্তারা কি ধরণের তথ্য প্রযুক্তি সম্পদ ব্যবহার করছে তা ঘোষণা করার নির্দেশ প্রদান করেছে। এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এমনকি কোর্ট মার্শাল পর্যন্ত হতে পারে।
কয়েক বছর আগে আন্দামান এবং নিকোবর দ্বিপপুঞ্জে থাকা সিস্টেমটি হ্যাকাররা হ্যাক করে এবং তথ্য চুরি করতে সক্ষম এমন ভাইরাস কম্পিউটার থেকে তথ্য চুরি করেছিল। এছাড়া ইতোপূর্বে হ্যাকাররা বাহ্যিক ড্রাইভের মাধ্যমে নৌ-বাহিনীর পূর্ব কমান্ডের কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে তথ্য চুরি করে।
তবে আশ্চর্য জনকভাবে ক্ষতিকর ভাইরাস সমৃদ্ধ পেনড্রাইভগুলোর অধিকাংশই চায়না থেকে আমদানি করা হয়েছে বলে জানালেন একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।












