ফেসবুকের ছবি ট্যাগের নোটিফিকেশন আকারে ছড়াচ্ছে ক্ষতিকারক প্রোগ্রাম

(প্রিয় টেক) ফেসবুকে কেউ কোনো ছবিতে ট্যাগ করলে তা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়। তবে অনেকেই এসব নোটিফিকেশন ইমেইলের মাধ্যমে পেতে পছন্দ করেন। তবে পরেরবার যখন কেউ আপনাকে ছবিতে ট্যাগ করেছে বলে ইমেইল পাবেন, তখন একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি হবে।
ম্যাশেবল জানিয়েছে, সম্প্রতি হ্যাকাররা ক্ষতিকর প্রোগ্রাম ছড়ানোর নতুন এক পন্থা বেছে নিয়েছে। তারা ফেসবুক ব্যবহারকারীদের ইমেইল ঠিকানায় ফেসবুকের মতো করে ইমেইল পাঠাচ্ছে। ইমেইলটি দেখে মনে হবে ফেসবুকে কেউ আপনাকে ট্যাগ করেছে তাই এই নোটিফিকেশন এসেছে। কিন্তু এই ইমেইলটিতে একটু ভিন্নতা রয়েছে যা লক্ষ্য করলেই দেখতে পারবেন।

প্রথমেই ফেসবুক এ জাতীয় ইমেইল পাঠানোর সময় কে আপনাকে ট্যাগ করেছে তার নাম উল্লেখ করে থাকে। কিন্তু উপরের ছবিতে লক্ষ্য করুন, এখানে তেমন কোনো নাম উল্লেখ করা হয়নি। দ্বিতীয়তঃ ফেসবুক কখনো ছবি ইমেইলে অ্যাটাচমেন্টের মাধ্যমে পাঠায় না, কিন্তু এই ইমেইলে ছবি অ্যাটাচ করে পাঠানো হয়েছে বলে বলা হয়। এই অ্যাটাচমেন্টেই রয়েছে ক্ষতিকর বা ম্যালিশিয়াস প্রোগ্রাম, যা আপনার কম্পিউটারে ডাউনলোড হওয়া মাত্রই আপনার কম্পিউটারের ক্ষতি করতে শুরু করবে।
ফেসবুকের হয়ে ম্যালওয়্যার ইমেইল পাঠানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে গত জুলাইয়ে ঠিক একই রকম ইমেইল পাঠাতে শুরু করে হ্যাকাররা। তবে সেখানে যেই লিংকটি দেয়া হয়, সেই লিংকে ভিজিট করলেই কম্পিউটার আক্রান্ত হয়ে যেত।













