অ্যাসাঞ্জের পক্ষে যুক্তরাজ্যের সরকারী সাইট হ্যাক করলো অ্যানোনিমাস

(প্রিয় টেক) জুলিয়ান অ্যাসাঞ্জ সম্পর্কে যুক্তরাজ্যের কঠোর অবস্থানে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ স্বরূপ বিশ্বখ্যাত হ্যাকারদল অ্যানোনিমাস যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটগুলোর উপর আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে। ডিনায়াল অব সার্ভিস আক্রমণের কথা টুইটারের মাধ্যমে স্বীকার করেছে দলটি। বিবিসি জানিয়েছে অ্যানোনিমাসের আক্রমণের শিকার বর্তমানে প্রধানমন্ত্রীর অফিস নাম্বার টেন ডাউনিং স্ট্রিট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

জুলিয়ান অ্যাসাঞ্জ গত জুন মাস থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। সম্প্রতি ইকুয়েডর সরকার ওই দেশে তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তবে দূতাবাস থেকে বের হলেই যুক্তরাজ্যের সরকার তাঁকে গ্রেপ্তার করবে বলে জানিয়েছে। অনেক দিন ধরে দূতাবাসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটও সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র।
অ্যানোনিমাস ওয়েবসাইটগুলোর উপর গতকাল সোমবার আক্রমণ করে। বর্তমানে সবগুলো সাইট ঠিক মত কাজ করছে বলে জানা গিয়েছে।













