সংবাদ সংস্থা রয়টার্স এর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

PriyoTech's picture

(প্রিয় টেক) গত শুক্রবারের পর আবারো হ্যাকিংয়ের শিকার হয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার নিউজ জানিয়েছে হ্যাকাররা রবিবার রয়টার্সের একটি টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়া টুইট করতে শুরু করে। টুইটারগুলো বর্তমানে সিরিয়ায় যে সশস্ত্র সংগ্রাম চলছে সে সম্পর্কিত।

এ প্রসঙ্গে রয়টার্সের মুখপাত্র জানিয়েছেন, আজ সকালে প্রতিষ্ঠানটির টুইটার পেজের প্রযুক্তি বিষয়ক পাতা @ReutersTech হ্যাক করে @ReutersME তে পরিবর্তন করে দেয় হ্যাকাররা। "অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে" বলে উল্লেখ করেন তিনি।

এদিকে গত শুক্রবার সংস্থাটির ব্লগ প্ল্যাটফর্মেও হ্যাকাররা আঘাত করে। এ সাইটটি হ্যাক করার পর 'রয়টারের সাংবাদিকদের ব্লগে' অনৈতিকভাবে হ্যাকাররা সিরিয়ার বিদ্রোহী নেতার সাক্ষাৎকার হিসেবে দাবি করে মিথ্যা একটি পোস্ট দেয়।

সর্বশেষ ঘটনায়, রয়টারের সংবাদ হিসেবে ২২ টি মিথ্যা টুইট করা হয়। বেশ কিছু টুইটে সিরিয়ার সরকারের সাথে সংঘর্ষে বিদ্রোহীরা হেরে গিয়ে ক্ষতির শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়।

হ্যাকিংয়ের পেছনে কারা কাজ করছে সে ব্যাপারে এখনি আলোকপাত করতে পারছে না বলে জানিয়েছে থম্পসন রয়টার্স।

এ প্রসঙ্গে টুইটার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি বলে জানিয়েছে রয়টার্স।