সাইবার আক্রমণের শিকার ইরানের তেল ক্ষেত্রগুলো

PriyoTech's picture

(প্রিয় টেক) ইরানের তেল মন্ত্রণালয় এবং জাতীয় তেল কোম্পানির অভ্যন্তরীণ কম্পিউটার সিস্টেম ভাইরাসে আক্রান্ত হবার কারণে ইরান তার তেল উৎপাদন শিল্পগুলোর ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে। সতর্কতা স্বরূপ খার্গ দ্বীপ সহ অন্যান্য তেল ক্ষেত্রগুলোর কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

এই আক্রমণের কারণে তৈল উৎপাদনে কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছে মেহর সংবাদ সংস্থা। তবে আক্রমণের কারণেই ইরানী তেল মন্ত্রণালয় এবং জাতীয় তেল কোম্পানি ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সোমবারের মাঝে মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনলাইনে ফিরে আসলেও তেল কোম্পানিগুলোর ওয়েবসাইট ফিরে আসে নি বলে জানিয়েছে বিবিসি।

ইরানী তেল মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন আক্রমণকারীরা সাইটগুলোর ব্যবহারকারীদের তথ্য চুরি করেছে। তবে ইরানের তেল শিল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এমন কম্পিউটারগুলোর সাথে নেট সংযোগ না থাকার কারণে বড় কোন ক্ষতি হয়নি বলে উল্লেখ করেছেন।

খার্গ দ্বীপের টার্মিনাল ব্যবহার করে ইরান তার তেল রপ্তানির প্রায় ৯০% পরিচালনা করে।

আক্রমণের পরিণাম এবং ভবিষ্যতে এ ধরণের আক্রমণকে কঠোরভাবে মোকাবেলা করার লক্ষ্যে ইরান "সাইবার সঙ্কট কমিটি" তৈরি করেছে। ২০১০ সালে ইরানের পারমানবিক প্রকল্পগুলোর উদ্দেশ্যকরে যখন স্টাক্সনেট ভাইরাস ছড়ানো হয় তখন এই কমিটিটি গঠন করা হয়। তবে বর্তমানে ইরানের তেল শিল্পে যে ভাইরাসটি আক্রমণ করেছে সেটি স্টাক্সনেট গোত্রের কি না সে ব্যাপারে কোন তথ্য পাওয়া যায় নি।