জ্বালানি শেষ হবার পরেও শক্তি প্রদান করবে এমন জ্বালানি কোষ

(প্রিয় টেক) ধরুন আপনার কাছে এমন একটি কেরোসিন বাতি রয়েছে যা তেল ফুরিয়ে যাবার পরও আলো দিবে, অথবা বিদ্যুৎ চলে যাবার পরেও গরম থাকবে এমন বৈদ্যুতিক চুলা -তাহলে কেমন হতো?

হার্ভার্ড এর বস্তু বিজ্ঞানীরা সম্প্রতি পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের পদ্ধতি হিসেবে এ ধরণের একটি প্রযুক্তি প্রদর্শন করেন। বিজ্ঞানীরা পরিষ্কার শক্তি উৎপাদনের জন্য সলিড-অক্সাইড জ্বালানি কোষ (SOFC) ব্যবহার করেন যা হাইড্রোজেনকে বিদ্যুতে পরিবর্তন এবং ব্যাটারির মত ইলেকট্রোকেমিকেল এনার্জি (তাড়িত শক্তি) সংরক্ষণ করতে সক্ষম। এই জ্বালানি কোষগুলো জ্বালানি শেষ হয়ে যাবার পরেও স্বল্প সময়ের জন্য শক্তি উৎপাদন করা অব্যাহত রাখতে পারে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল এবং ফলিত বিজ্ঞান বিদ্যালয়ের (SEAS) বস্তু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রধান গবেষক শ্রীরাম রামানাথন বলেন, "একটি নতুন এবং আরো ভার্সেটাইল উপাদানকে অন্তর্ভুক্ত করার জন্য নিম্ন-তাপমাত্রায় কার্যপরিচালনার জন্য সাম্প্রতিক অগ্রগতির সুবিধা গ্রহণ করেছে এই থিন-ফিল্ম সলিড-অক্সাইড জ্বালানি কোষ। ধনাত্মক প্রান্তে থাকা ভ্যানাডিয়াম অক্সাইড (VOx) মাল্টিফাংশনাল উপাদান হিসেবে আচরণ প্রকাশ করায় জ্বালানি কোষটি শক্তি উৎপাদন এবং সংরক্ষণ করতে সক্ষম।"

আবিষ্কারটি স্বল্প-ব্যাপ্তির, বহনযোগ্য এনার্জি অ্যাপ্লিকেশন -যেখানে ছোট্ট এবং হালকা পাওয়ার সাপ্লাই প্রয়োজন এমন স্থানগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। উদাহরণ হিসেবে এক গবেষক মানুষহীন উড়ন্ত যানের কথা উল্লেখ করেন।

গবেষণার কাজে সাধারণত প্লাটিনাম নির্মিত ইলেকট্রোড ব্যবহৃত হয় এমন থিন-ফিল্ম এসওএফসি ব্যবহার করা হত বলে জানিয়েছেন গবেষকেরা। কিন্তু এর মাধ্যমে ১৫ সেকেন্ডের বেশি শক্তি সঞ্চয় করা যেত না। এ সমস্যা সমাধানের জন্য গবেষকেরা অ্যানোডে ভিওএক্স যুক্ত করে। ফলাফল, জ্বালানি ছাড়া ১৫গুণ বেশি চলার নিশ্চয়তা (৩ মিনিট ৩০ সেকেন্ড)। গবেষকেরা এ ফলাফলকে অবশ্য ধারণার প্রমাণ হিসেবে অবিহিত করেছেন। গবেষকদের আশা ভিওএক্স-প্লাটিনামের গঠন পরিবর্তনের মাধ্যমে কোষের স্থায়িত্বতা বাড়ানো সম্ভব হবে।

রামানাথন এবং তার গবেষক দল আশা করছে আগামী দুই বছরের মধ্যে তারা এমন জ্বালানী কোষ তৈরি করতে সক্ষম হবেন যার স্থায়িত্বকাল ব্যবহারযোগ্য হবে।










