গুগলের প্রাইভেসি নীতির বিপক্ষে ইইউ

(প্রিয় টেক) ইউরোপীয় গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা গুগলের নতুন সংশোধিত প্রাইভেসি নীতিতে ত্রুটি খুঁজে পেয়েছে। এর মাধ্যমে গুগল ইইউ দেশগুলোতে যে তথ্য নিরাপত্তা আইন রয়েছে তা ভঙ্গ করছে বলে মনে করা হচ্ছে।

এ ব্যাপারে পরিবর্তন আনার অনুরোধ জানিয়ে গুগলের কাছে ইউরোপীয় ডাটা এবং প্রাইভেসি নিয়ন্ত্রক সংস্থাগুলো সম্মিলিত ভাবে একটি চিঠি পাঠিয়েছে। গ্রিস, রোমানিয়া এবং লিথুনিয়া বাদে ইউরোপের ২৪ টি দেশের তথ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতিনিধিরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন।
নিয়ন্ত্রক সংস্থাগুলো গুগল কিভাবে তার বিভিন্ন সেবাগুলোর মধ্যে ব্যবহারকারীর তথ্য শেয়ার করে তার বিস্তারিত বর্ণনা এবং প্রতিষ্ঠানটির উদ্দেশ্য কি সে ব্যাপারে ব্যাখ্যা প্রদান করার নির্দেশ প্রদান করে। চিঠিতে ব্যবহারকারীর তথ্যকে সমন্বিত করার ক্ষেত্রে ব্যবহারকারীর কাছ থেকে গুগলকে "স্পষ্ট সম্মতি" গ্রহণ করতে হবে উল্লেখ করা হয়।
'ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলো খুব জটিল, আইনি অথবা অতীব দীর্ঘ প্রাইভেসি নোটিস তৈরি করা উচিত নয়।'
গুগলের নতুন নীতিটি ইউরোপের তথ্য নিরাপত্তা আইনকে ভঙ্গ করছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত নতুন নীতিকে আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।
এই নীতির মাধ্যমে অনুসন্ধান খ্যাত প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর তথ্য অন্যান্য সেবার মধ্যে শেয়ার করতে এবং সমন্বিত করতে পারবে যার মাধ্যমে ব্যবহারকারীরা অতিরিক্ত সুবিধা ভোগ করবে বলে উল্লেখ করে গুগল। এছাড়া গুগল এর মাধ্যমে ব্যবহারকারীর জন্য আরো উপযুক্ত বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে।
তবে সমালোচকদের মতে গুগল তার নতুন নীতি ব্যবহার করে ব্যবহারকারীদের সম্পর্কে আরো বেশি তথ্য সংগ্রহ করার মাধ্যমে তাদের সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবে। যদিও বিজ্ঞাপন দাতাদের কাছে ব্যবহারকারী সম্পর্কিত এই তথ্যগুলো প্রকাশ না করা হলেও সমালোচকদের মতে এই ধরণের তথ্য ব্যবহারকারীদের পরিচয় ফাঁস করে দিতে পারে।
সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই নীতির আওতাভুক্ত না হলেও লাখো লাখো সাধারণ ব্যবহারকারী এই পরিবর্তনের শিকার হবে।












