প্রথম দুই দিনে ভিএসপি'র লাইসেন্সের নয়টি আবেদন। আবেদন নেওয়া হবে ১৩ অক্টোবর পর্যন্ত

PriyoTech's picture

(প্রিয় টেক) বহুল আলোচিত ভিওআইপি সার্ভিসেস প্রোভাইডার বা ভিএসপি লাইসেন্সের জন্যে প্রথম দুই দিনে নয়টি আবেদন পড়েছে। সোমবার থেকে শুরু হয়েছে এই আবেদন নেওয়া। ওই দিন একটি এবং মঙ্গলবারে আরো আটটি আবেদন জমা পড়ে।

তবে বিটিআরসি আশা করছে, অন্তত ৫/৭ হাজার আবেদন পড়বে। সে কারণে ঝামেলা এড়াতে এই প্রথমবারের মতো ডাকে আবেদন নেওয়া হচ্ছে। এক সঙ্গে শেষ বেলায় এসে যাতে বিটিআরসিতে হাজার হাজার লোক জড়ো না হয়ে পড়ে সে কারণে এই পদ্ধতি নেয়া হয়েছে। তবে ডাকে আবেদন পাঠিয়ে দেয়া হলেও পরে বিটিআরসি'র ওয়েব সাইটে গিয়ে আবেদনকারীকে কিছু তথ্য বিটিআরসিতে পাঠাতে হচ্ছে।

চূড়ান্ত হওয়া ভিএসপি লাইসেন্স নীতিমালায় কোনো সংখ্যা নির্ধারণ করা হয়নি। ফলে সরকারের যতো খুশি লাইসেন্স দেওয়া যাবে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, হাজার খানেক লাইসেন্স দেয়া হতে পারে।

আন্তর্জাতিক ইনকামিং কলের আয় ভাগ করার ক্ষেত্রে এখন চারটি ধাপ থাকলেও ভিএসপি আসার পর তা হবে পাঁচটি। বর্তমানে এক মিনিটের আন্তর্জাতিক কল বৈধ পথে দেশে আসলে তিন সেন্ট বা দুই টাকা ত্রিশ পয়সা দেশে আয় হিসেবে আসে। এই আয়ের ১৩ দশমিক ২৫ শতাংশ পায় আইজিডাব্লিউ। ১৫ শতাংশ পায় আন্তঃসংযোগ এক্সচেঞ্জ। ২০ শতাংশ পায় শেষ পর্যন্ত ফোন কলটি যেখানে গিয়ে পৌঁছায় সেই অপারেটর। বাকি ৫১ দশমিক ৭৫ শতাংশ পায় বিটিআরসি বা সরকার। এখান থেকে ভিওআইপি অপারেটরদের জন্যে পাঁচ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ফলে সরকার পাবে ৪৬ দশমিক ৭৫ শতাংশ। অপারেশন্সের জন্যে একেকটি ভিওআইপি অপারেটর ৫ এমবিপিএস ব্যান্ডউইথ পাবে।

Tags: