স্যামসাংয়ের প্রথম উইন্ডোজ ফোন এইট ভিত্তিক স্মার্টফোন: এটিভ এস

(প্রিয় টেক) স্যামসাং তার এটিভ এস নামক স্মার্টফোনটির ঘোষণা বেশ কিছুদিন আগেই দিয়েছে। স্যামসাং নির্মিত উইন্ডোজ এইট ভিত্তিক প্রথম ফোন হবার গৌরব অর্জন করায় প্রযুক্তি সাইটগুলো এই স্মার্টফোনটির ব্যাপারে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। কিন্তু উইন্ডোজ ফোন এইট বের না হওয়া পর্যন্ত কোন মতেই হ্যান্ডসেটটি হাতে পাওয়া যাচ্ছিল না। আজ উইন্ডোজ ফোন এইট বের হয়েছে আর সাথে সাথে এই হ্যান্ডসেটগুলোকে উন্মুক্ত করা হয়েছে। এখানে বিখ্যাত প্রযুক্তি সাইট এনগ্যাজেট হ্যান্ডসেটটি হাতে নিয়ে কি ধারণা প্রকাশ করেছে তা প্রিয় টেকের পাঠকদের জন্য প্রকাশ করা হল-

মাইক্রোসফট এর নতুন মোবাইল ওএস এর রঙ্গিন টাইলগুলোকে আরো আকর্ষণীয় করে তুলেছে এই ফোনের ৪.৮" অ্যামোলেড ডিসপ্লে এবং ১২৮০X৭২০ রেজ্যুলুশন। রয়েছে ২৩০০ এমএএইচ এর ব্যাটারি এবং মাইক্রোএসডি স্লট। স্যামসাং তার অ্যানড্রয়েড গ্যালাক্সি ফোনের চকচকে প্লাস্টিক দেহটি এখানে ব্যবহার করেছে, তবে চিন্তার কোন কারণ নেই ডিজাইনে একটি ভিন্নতা রয়েছে।

ফোনটির নিচে আইফোনের মত মাইক্রোসফটের নতুন লোগো সম্বলিত ফিজিক্যাল বাটন এবং দুই পার্শ্বে রয়েছে স্পর্শ-সংবেদনশীল ব্যাক এবং সার্চ বাটন। এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লেটি উইন্ডোজ ফোন এইটের বাহ্যিক চাকচিক্যকে অনেক বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে এনগ্যাজেট। তবে স্যামসাংয়ের চকচকে স্ক্রিনের কারণে নোকিয়ার ফ্ল্যাগশিপ হিসেবে পরিচিত লুমিয়া ৯২০ বাইরে কর্মদক্ষতা আরো ভালো দেখাতে পারবে বলে মনে করছে তারা।

হ্যান্ডসেটের পেছনটা অর্থাৎ ব্যাটারি কভারটি ব্রাশড-স্টাইল, নিচের দিকে রয়েছে গ্রিল ডিজাইন। উপরে পাবেন চিরচেনা ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ফ্ল্যাশ এবং লাউডস্পিকার সেটআপ। সত্যিকথা বলতে কি ফোনটি দেখলে আপনার গ্যালাক্সি এস থ্রি'র কথাই বারবার মনে পরবে।

"এটিভ এস এর মাধ্যমে আমরা উইন্ডোজ ফোন এইটের বিভিন্ন দিকগুলো বোঝার চেষ্টা করি। নতুন ইউআই থেকে ব্যবহারকারীরা কি সুবিধা পাবে তা পর্যবেক্ষণ করতে চেষ্টা করি। আমরা বেশ কিছুটা সময় ইন্টারনেট এক্সপ্লোরারের পেছনে ব্যয় করি, টাইলগুলো নতুনভাবে সাজাতে এবং নতুন আকৃতি দেবার চেষ্টা করি। ১.৫ গিগাহার্জ প্রসেসরটি নতুন ওএস এর সাথে বেশ ভালোভাবেই খাপখাইয়ে নিতে পেরেছে বলে মনে হয়েছে।"

তবে উইন্ডোজ ফোন সেভেনে রয়েছে এমন কিছু ভালো অ্যাপ উইন্ডোজ ফোন এইট এ এখনো নেই বলে জানিয়েছে এনগ্যাজেট। নতুন ফোনের সাথে স্যামসাং নিজস্ব কিছু অ্যাপও সরবরাহ করেছে যার মাঝে চ্যাট সফটওয়্যার গামুট ও মিউজিক সফটওয়্যার মিউজিক হাব অন্যতম।
ঠিক কবে ফোনটি বাজারে পাওয়া যাবে সে ব্যাপারে কোন তথ্য প্রকাশ করে নি স্যামসাং তবে এনগ্যাজেটের মতে গ্যালাক্সি এস থ্রি পছন্দ হলে এই ফোনটিকেও পছন্দ করবে ব্যবহারকারীরা।











