গুগল ঘোষণা করলো $২৯৯ ডলারের নেক্সাস ৪: বাজারে আসবে ১৩ই নভেম্বর

A.I.Sajib's picture

(প্রিয় টেক) অবশেষে গুগলএলজি মিলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল নেক্সাস ৪ অ্যানড্রয়েড ফোনের। $২৯৯ ডলারের এই ফোন আগামী নভেম্বরের ১৩ তারিখ থেকেই ক্রেতাদের দ্বারে পৌঁছবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নেক্সাস ৪ ফোনে ব্যবহৃত হয়েছে ৪.৭ ইঞ্চি ট্রু এইচডি আইপিএস প্লাস ডিসপ্লে যার রেজুলেশন ১২৮০ x ৭৬৮ পিক্সেল ও ৩২০ পিপিআই। এতে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন। ২ গিগাবাইট র‌্যাম সম্পন্ন এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসর চিপসেট এবং ১.৫ গিগাহার্জ কোয়াড কোর ক্রেইট প্রসেসর।

ঘোষণায় আরও বলা হয়েছে, ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইটের ধারণক্ষমতা সম্পন্ন দু'ধরনের ইউনিট থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন। আর ছবি তোলার জন্য পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল এবং সামনে ১.৩ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা।

এলজি নেক্সাস ৪ ফোনে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে এনএফসি প্রযুক্তি, ওয়্যারলেস চার্জিং সুবিধা ইত্যাদি। নতুন এই ফোন সম্পর্কে গুগলের মোবাইল অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি রুবিন বলেছেন, এই প্রথম তারা এলজি'র সঙ্গে মিলে নেক্সাস ডিভাইস প্রস্তুত করেছেন। এলজি বেশ বিচক্ষণতা ও প্রতিভার সঙ্গে এই ডিভাইস তৈরি করেছে যার ফলে ব্যবহারকারীর জন্য তৈরি হয়েছে বিভিন্ন সুবিধা-সমৃদ্ধ একটি দ্রুতগতির ডিভাইস।

নেক্সাস ৭-এ ওয়াই-ফাই এর পাশাপাশি ৩জি ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। আনলকড ফোন হওয়ায় এটি বিশ্বব্যাপী দুই শতাধিক অপারেটরের নেটওয়ার্কে কাজ করবে। ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইটের নেক্সাস ৪ নভেম্বর থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানী, ফ্রান্স, স্পেন এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যাবে। এসব দেশের ক্রেতারা গুগল প্লে থেকেই সরাসরি কিনতে পারবেন। এছাড়াও স্টোর থেকে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্রেতারা নভেম্বরের শেষের দিকেই কিনতে পারবেন নেক্সাস ৪।