এলজি'র গুগল নেক্সাস ৪ ফোন এর তথ্য ফাঁস

PriyoTech's picture

(প্রিয় টেক) যুক্তরাজ্যের মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠান কারফোন ওয়্যারহাউজ ঘোষণার আগেই ভুল বশত গুগল ব্র্যান্ডের নতুন স্মার্টফোন নেক্সাস ৪ এর বিস্তারিত তথ্য এবং ছবি নিজস্ব ওয়েবসাইটে ফাঁস করে দেয়।

এ ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠান এলজি সাথে যোগাযোগ করলে তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল নয় বলে উল্লেখ করে।

এর কিছুক্ষণ পরেই সাইটটি থেকে পেজটি সরিয়ে ফেলা হয়।

কারফোন ওয়্যারহাউজ এক বিবৃতিতে বলে, "দুর্ভাগ্যবশত আমরা ভবিষ্যতে রাখব এমন একটি হ্যান্ডসেটের প্রি-অর্ডার পেজ ভুল বশত প্রকাশ হয়ে যায়। ব্যাপারটা সংশোধন করা হয়েছে এবং এর ফলে কোন ধরণের বিভ্রান্তির সৃষ্টি হলে তার জন্য আমরা ক্ষমা চাইছি।"

আগামী সোমবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ফোনটি সকলের সামনে উন্মোচনের কথা থাকলেও সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবার মাত্র কয়েকদিন আগেই কারফোন ওয়্যারহাউজ এই নতুন স্মার্টফোন সম্পর্কিত তথ্য ফাঁস করে দিল।

প্রযুক্তি সংস্থাগুলো গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে থাকে।

যদিও এ ধরণের অনুষ্ঠানের প্রাক্কালে বিভিন্ন প্রযুক্তি সাইট এবং ব্লগ গুলোতে ডিভাইসের ছবি প্রকাশ হতে লক্ষ্য করা যায় কিন্তু বের হবার আগেই ডিভাইসের বিস্তারিত তথ্য কোন বড় খুচরা বিক্রেতার সাইটে প্রকাশ হবার ঘটনা অস্বাভাবিক।

গুগল বা এলজি এবিষয়ে কোন মন্তব্য প্রদান করেনি।

সরিয়ে নেয়া পৃষ্ঠাটি থেকে জানা গিয়েছে সর্বশেষ অ্যানড্রয়েড সংস্করণ জেলি বিন চালিত এই ডিভাইসটিতে ৪.৭" ডিসপ্লেতে ৩২০ পিক্সেল রেজ্যুলুশন ব্যবহৃত হয়েছে। ফলে হ্যান্ডসেটটি গ্যালাক্সি এস ৩ এবং এইচটিসি ওয়ান এক্স শ্রেণির অন্তর্ভুক্ত বলে ধারণা করা যাচ্ছে । তবে সেটটির পিক্সেল ঘনত্ব অন্য দুইটি স্মার্টফোনের ডিসপ্লে অপেক্ষা বেশি হওয়ায় উচ্চ রেজ্যুলুশনের কন্টেন্ট এবং ভিডিও দেখার সময় আরো বেশি বিস্তারিত দৃশ্য প্রদর্শন করবে।

স্মার্টফোনটির সাথে আরো রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, এবং প্যানোরামিক ছবি তোলার বৈশিষ্ট্য। ফোনটি কোয়ালকমের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত।