আইফোন ৫-এর জন্য এলো ড্রপবক্স

A.I.Sajib's picture

(প্রিয় টেক) ক্লাউড স্টোরেজে জনপ্রিয় সেবা ড্রপবক্স সম্প্রতি তাদের আইফোন/আইপ্যাড অ্যাপ্লিকেশনটির নতুন আপডেট রিলিজ করেছে। ১.৫.৬ সংস্করণে বেশ কিছু সুবিধার পাশাপাশি একে আইফোন ৫-এর জন্য বিশেষভাবে উপযোগী করে তোলা হয়েছে বলেও জানা গেছে।

ড্রপবক্স

ড্রপবক্সের নতুন এই আপডেটে ফুল রেজ্যুলেশনের ছবির জন্য সাপোর্ট যোগ করা হয়েছে। আগের সংস্করণগুলোতে কোনো বড় আকারের ছবি ডাউনলোড করা হলে তা স্কেল করে ছোট আকারে পরিণত করে ফেলতো ড্রপবক্স, যা ড্রপবক্স নিয়ে অসন্তুষ্টির কারণ ছিল আইফোন ব্যবহারকারীদের মধ্যে। দেখা যেত, ১৪ মেগাপিক্সেলের ৪৫৯২ x ৩০৫৬ পিক্সেল রেজ্যুলেশনের ছবি ড্রপবক্স থেকে আইফোনে দেখতে গেলে তা মাত্র ৯৬০ x ৬৩৮ পিক্সেল রেজ্যুলেশনে পরিণত হতো। কিন্তু নতুন আপডেটে এই সীমাবদ্ধতা দূর করে দেয়া হয়েছে।

তবে দি ভার্জ জানিয়েছে, রেজ্যুলেশনের সীমাবদ্ধতা দূর করলেও ইমেজ কমপ্রেশনের প্রযুক্তি এখনও বলবৎ রয়েছে। পরীক্ষা করে দেখা সময় তারা ৪.৮ মেগাবাইটের একটি ছবি ড্রপবক্স থেকে আইফোন ৫-এ ডাউনলোড করলে তার সাইজ কমে ৩.৩ মেগাবাইটে পরিণত হয়। এছাড়াও ছবির কালারেও কিছুটা কমপ্রেশন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে দি ভার্জ। পাশাপাশি বড় ছবির ফাইল ডাউনলোডেও একটু বেশি সময় নিচ্ছে ড্রপবক্স। তাই রেজ্যুলেশন বাড়ানোর ফলে অনেক ব্যবহারকারী উপকৃত হলেও যারা দ্রুততাকে প্রাধান্য দেবেন তাদের জন্য খানিকটা বিরক্তির কারণও হতে পারে আইওএস-এর জন্য ড্রপবক্সের নতুন সংস্করণ ১.৫.৬।